চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে হরতাল পালিত
প্রধান বিরোধী দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলের ডাকা দেশব্যাপী ৩৬ ঘন্টা লাগাতার হরতালের প্রথম দিন মঙ্গলবার চট্টগ্রামে শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে।
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কন্ট্রোল রুম সূত্র জানায়, হরতাল চলাকালে নগরীর কাজীর দেওরী ও নিউ মার্কেটে হরতাল সমর্থনকারীরা দু’টি টেম্পু, একটি সিটি বাস ও দু’টি অটো রিক্সা ভাংচুর করে।
জেলার সকল রাস্তায় বাস চলাচল বন্ধ থাকলেও কিছু ছোট ইঞ্জিনচালিত গাড়ি রাস্তায় চলতে দেখা গেছে।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নির্ধারিত সময় বিকাল ৫টায় বিজি-৬১৭ প্লেনটি ছেড়ে যায়। এছাড়া হরতালের কারণে অন্য ফ্লাইটগুলোর যাত্রী কম হওয়ায় বাতিল করা হয় বলে বিমান বন্দর সূত্র জানায়।
এদিকে আন্তঃনগর ট্রেন যথারীতি চললেও তাতে যাত্রীর সংখ্যা কম দেখা গেছে বলে রেলওয়ে সূত্র জানায়।
শিক্ষা কেন্দ্র, দোকান পাট, বড় বড় মার্কেট ও অন্যান্য ব্যবসায় প্রতিষ্ঠান বন্ধ ছিল।
চট্টগ্রাম বন্দরের অভ্যান্তরীণ কর্মসূচি সাভাবিক থাকলেও হরতালের কারণে কোন ট্রাক ও লড়ি চলতে না পারায় সব রকম লেনদেন বন্ধ ছিল।
মিল, কারখানাগুলোতে শ্রমিকদের উপস্থিতিও ছিল কম। শীতাকুণ্ড, বায়জিত কালুরঘাট ও নাসিরাবাদসহ ছয়টি শিল্পকারখানার উৎপাদন কম হয়।
আ’লীগ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সভাপতি মোসলেমউদ্দিন আহমেদের সভাপতিত্বে দারুল ফজল মার্কেটে আওয়ামী লীগের নগর কার্যালয়ে বিরোধী ১৪ দলের প্রধান সমাবেশটি অনুষ্ঠিত হয়।
পরে তারা একটি মিছিল বের করে নগরীর কিছু গুরুত্ব পূর্ণ এলাকা প্রদক্ষীণ করে।
