২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছাত্রলীগের হামলার প্রতিবাদে ঢাবি সাংবাদিক সমিতির মৌনমিছিল

ছাত্রলীগ নেতাকর্মীদের হাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে সাংবাদিকদের লাঞ্চিত হওয়ার প্রতিবাদে সমিতি শনিবার ঢাবি ক্যাম্পাসে মুখে কালো কাপড় বেঁধে মৌনমিছিল করে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2006, 06:55 PM

Updated : 26 Apr 2022, 03:44 PM

মিছিলটি সাংবাদিক সমিতি থেকে বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে। পরে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে সংক্ষিপ্ত  সমাবেশ করেছে।

এর আগে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক ইমামুল হক শামীমের কাছে দুপুর তিনটা পর্যন্ত সময় চান এবং মৌনমিছিলের কর্মসূচি না করার অনুরোধ করেন। কিন্তু, দুপুর তিনটা পর্যন্ত কোনও ব্যবস্থা না নেওয়ায় সাংবাদিক সমিতি তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি পালন করে।

সকাল সাড়ে এগারটায় ফোনে সভাপতি মুস্তাক আহমেদকে মৌনমিছিল করলে গুলি করে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।       

সাংবাদিক সমিতি তাদের দাবি না মানা পর্যন্ত কঠোর কর্মসূচি পালন করবে জানায়। এছাড়া সাংবাদিক সমিতি জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

এদিকে, এ ঘটনার তদন্তে গঠিত কমিটি পর পর দু’দিনের সভায় প্রত্যক্ষদর্শী সমিতির সভাপতি মুস্তাক আহমেদ, দৈনিক সংবাদের রিপোর্টার আশরাফুল আলম কচি এবং দৈনিক জনতার রিপোর্টার হাসিবুজ্জামানের সাক্ষ্য নেয়। শনিবার সিন্ডিকেট সভায় এ সংক্রান্ত প্রাথমিক রিপোর্ট জমা দেওয়া হবে বলে জানা যায়।     

সাংবাদিক সমিতি ঘটনার পরই এক জরুরি সভায় ছাত্রলীগের সংবাদ বর্জন করা এবং সমিতিতে ছাত্রলীগ নেতাকর্মীদের প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্ত নেয়।