২৩ দিন পর রোববার খুলছে ইসলামি বিশ্ববিদ্যালয়
জুন ১০ (বিডিনিউজ)Ñ দীর্ঘ ২৩ দিন বন্ধ থাকার পর অনিশ্চয়তার মধ্যে রোববার ইসলামি বিশ্ববিদ্যালয় খুলছে।
গ্রীষ্মকালীন ছুটি শুরু হওয়ার তিন দিন আগেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশৃঙ্খল পরিস্থিতি মোকাবেলার জন্য ২৩ দিনের বন্ধ ঘোষণা করেন। বিশ্ববিদ্যালয়ের ১৯০ তম সিন্ডিকেটে নিয়োগ না পাওয়া বিএনপি সমর্থক প্রার্থীরা ক্যাম্পাসে অচলাবস্থার সৃষ্টি করলে এ বন্ধ ঘোষণা করা হয়।
জানা গেছে, বিএনপি’র সিন্ডিকেট প্রার্থীদের সাথে উপাচার্যের সমঝোতা হয়েছে। রোববার উপাচার্য ক্যাম্পাসে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
উপাচার্য অধ্যাপক এম. রফিকুল ইসলাম বলেন, কুষ্টিয়ার দুই সাংসদের সাথে এ ব্যাপারে সমঝোতা হয়েছে।
এদিকে উপাচার্যের অপসারণের দাবিতে ছাত্রলীগ ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে আসছে।
