ঢাকায় ২৯ জুন রিকসা ধর্মঘট ডেকেছে চালক -- মালিক ঐক্য পরিষদ
মালিক ঐক্য পরিষদ ২৯ জুন ঢাকায় ধর্মঘট আহ্বান করেছে। নগরীর রিকসা চোর ও তাদের গডফাদারদের গ্রেফতারের দাবিতে পরিষদের পক্ষ থেকে ২৬ জুনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করার জন্য ঢাকা মহানগর পুলিশ কমিশনারসহ প্রশাসনকে সময়সীমা বেঁধে দেওয়া হয়। এর মধ্যে ব্যবস্থা নেওয়া না হলে ২৯ জুন পরিষদ মহানগরীতে সকাল সন্ধ্যা রিকসা ও ভ্যান ধর্মঘট পালন করবে।
ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে শনিবার পরিষদের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পরিষদের নেতা রুহুল আমিন।
উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক ফজলুর রহমান, সদস্য সচিব একেএম গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ খান, আলী আহম্মদ, বাদল মিয়া, হারুন মিয়া, আরজু আহম্মদ, আব্দুস সোবহান নয়া ও মহিউদ্দিন চৌধুরী।
পরিষদ নেতারা বলেন, বিভিন্ন সময়ে পুলিশ প্রশাসনের কাছে আবেদন -- নিবেদন করেও পুলিশ সহস্রাধিক রিকসা চোর ও তাদের শতাধিক গডফাদারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এমন কি পুলিশ কমিশনারের নির্দেশও কার্যকর হচ্ছে না। তাই বাধ্য হয়ে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
