২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যেকোনও ধরনের বেআইনি তৎপরতা কঠোরভাবে দমন করা হবে: আইজিপি

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম শুক্রবার বলেছেন, অবরোধ কর্মসূচির নামে চালানো যেকোনও ধরনের বেআইনি কার্যক্রম এবং যানবাহন চলাচলে ব্যাঘাত সৃষ্টির তৎপরতাকে কঠোরভাবে দমন করা হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2006, 10:00 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

ঢাকা মহানগর পুলিশের বাইরে আরও অতিরিক্ত ১৫ হাজার পুলিশকে এ ব্যাপারে স¤পৃক্ত করা হয়েছে। এর মধ্যে ১০ হাজার পুলিশকে আনা হয়েছে ঢাকার বাইরের বিভিন্ন বিভাগ থেকে।

বিরোধী দলের কর্মসূচি প্রসঙ্গে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) আব্দুল কাইয়ুম বলেন, কোনও ধরনের অবৈধ কার্যক্রম এবং যানবাহন পরিচালনায় ব্যাঘাত সৃষ্টি বরদাস্ত করা হবে না।

পুলিশ সদরদপ্তরে শুক্রবার সাংবাদিকদের ব্রিফিংকালে আইজিপি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশ যথাসম্ভব সবধরনের পদক্ষেপ নেবে।

এর আগে আইজিপি শুক্রবার সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের এক বৈঠকে মিলিত হন এবং পরে পুলিশ সদরদপ্তরে আরও একটি বৈঠক করেন।

সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, ঢাকার বাইরে থেকে অতিরিক্ত পুলিশ সদস্যরা শুক্রবার থেকে ঢাকায় আসতে শুরু করেছে।

এছাড়া বিরোধী দলের ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচিকে সামনে রেখে পুলিশ ‘গণগ্রেপ্তার’ কর্মসূচি আরও জোরদার করেছে। ঢাকার বিভিন্ন প্রবেশ পথে বেশ কয়েকটি অস্থায়ী চৌকি স্থাপন করা হয়েছে।

মহাসড়ক পুলিশকেও এ ব্যাপারে নির্দেশ দেওয়া হয়েছে।

ব্রিফিংকালে আইজিপি ‘গণগ্রেপ্তারের’ অভিযোগ অস্বীকার করে বলেন, এটি গণগ্রেপ্তার নয়। তবে অপরাধ দমন কার্যক্রম আরও জোরদার করা হয়েছে।

তিনি জানান, রাজধানীতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে যথাসম্ভব সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে।

ব্রিফিংয়ে প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। ব্রিফিংকালে আইজিপি তার এ ভুলের জন্য দুঃখ প্রকাশ করেন।