২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই মন্ত্রী ও জ্বালানি উপদেষ্টার সাথে বিউটেনিসের সাক্ষাত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস বৃহস্পতিবার দুই মন্ত্রী ও জ্বালানি উপদেষ্টার সাথে তাদের কার্যালয়ে সাক্ষাত করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2006, 05:32 PM

Updated : 26 Apr 2022, 03:43 PM

মার্কিন দূত এসব বৈঠকে বিদ্যুৎ, স্বাস্থ্য ও সমাজকল্যাণ মন্ত্রাণালয়ের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আলোচনা করেন।

সূত্র জানায়, স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. খন্দকার মোশারফ হোসেনের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত বিউটেনিস বার্ড-ফ্লু গবেষণার জন্যে একটি মানসম্মত গবেষনাগার তৈরিতে অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতার বিষয়ে আলোচনা করেন।

এর আগে বেলা ১১টায় বিউটেনিস সমাজকল্যাণমন্ত্রী ও জামাত-ই-ইসলামীর মহাসচিব আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন।

ওই সাক্ষাতে বিউটেনিস গণতন্ত্র ও সমাজকল্যাণ কর্মকাণ্ডে জনগণের অংশগ্রহণ কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে জানতে চান।

মার্কিন প্রতিনিধির এ প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সংখ্যালঘুদের ওপর নির্যাতনের সঙ্গে তার দল জড়িত নয়। 

তিনি আরও জানান, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে ১৯৯১ সাল থেকে পরপর তিনটি নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে, আগামী নির্বাচনও অবাধ সুষ্ঠ ও নিরপেক্ষ হবে।

এদিকে মার্কিন রাষ্ট্রদূত জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমানের সাথে তার কার্যালয়ে সাক্ষাত করেন। ওই বৈঠকে বিদ্যুৎ, তেল ও গ্যাস খাতের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

মার্কিন রাষ্ট্রদূত জানান, সৌজন্য সাক্ষাতের অংশ হিসেবে তিনি বাংলাদেশ সরকারে উচ্চ পর্যায়ের কর্মকর্তা ও মন্ত্রীদের সাথে সাক্ষাত করেন।