পুলিশ হেফাজতে বুলুর উপর অত্যাচারের বিরুদ্ধে ব্যবস্থা গহেণে সরকারকে এইচআরপিবি’র উকিল নোটিশ
হিউম্যান রাইটস এন্ড পিস ফর বাংলাদেশ (এইচআরপিবি) বৃহস্পতিবার বৈশাখী টিভি’র পরিচালক এমএনএইচ বুলুকে পুলিশ হেফাজতে নির্যাতন চালানোর জন্যে ২৪ ঘন্টার মধ্যে নির্যাতনকারীদের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণের জন্যে সরকারকে উকিল নোটিশ দিয়েছে।
এই সময়ের মধ্যে সরকার যদি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তবে এইচআরপিবি সরকারের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন করবে।
এমএনএইচ বুলুর উপর অত্যাচার চালানোর জন্যে পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি), ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার, গুলশান ও মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও তদন্তকারী কর্মকর্তার (আইওএস) বিরুদ্ধে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ও এইচআরপিবি’র সভাপতি অ্যাড. মঞ্জিল মোর্শেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এই উকিল নোটিশ পাঠান।
