নরসিংদীতে পৃথক ঘটনায় মহিলাসহ ৩ খুন
নরসিংদীর শিবপুর ও রায়পুরায় মঙ্গলবার রাতে পৃথক ঘটনায় মহিলাসহ তিনজনকে হত্যা করা হয়েছে।
নিহতরা হলো- শহিদুল ইসলাম অপু (১৬), হামিদা বেগম (৩২) এবং ফিরোজা বেগম (৫৫)।
সূত্র জানায়, শিবপুর উপজেলার তেলিয়া গ্রামের সাফিজ উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম অপু তার ছোট ভাই দিপুকে ধমক দিলে অপু ক্ষিপ্ত হয়ে বড় ভাই দিপুকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
অপর ঘটনাটি হলো- একই উপজেলার বাঘার ইউনিয়নের খৈনকুট গ্রামের বাসিন্দা মালয়েশিয়া প্রবাসী আব্দুল ওহাবের স্ত্রী হামিদা বেগমকে মঙ্গলবার রাতে পাশের বাড়ির মোতালিব মিয়ার ছেলে কাশেম, আব্দুল মজিদের ছেলে মিজান ডেকে নিয়ে যায়। বুধবার সকালে বাড়ির পেছনের বাঁশ ঝাড়ের মধ্যে থেকে তার লাশ উদ্ধার করা হয়।
গলায় কাপড় পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়। এছাড়া তার শরীরে একাধিক সিগারেটের পোড়া চিহ্ন রয়েছে।
অপর ঘটনাটি ঘটে রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়নের রামনগর গ্রামে। গ্রামের জনৈক ইসলাম উদ্দীনের স্ত্রী ফিরোজা বেগমকে ঘুমন্ত অবস্থায় কে বা কারা ছুরিকাঘাত করে হত্যা করে।
নিহতদের লাশ ময়না তদন্তের জন্যে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে শিবপুর ও রায়পুরা থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
