মোবাইলে দেখা যাবে বিশ্বকাপ ফুটবল ম্যাচ
৯ জুন থেকে ৯ জুলাই পর্যন্ত জার্মানিতে অনুষ্ঠেয় বিশ্বকাপ ফুটবল আসরের প্রতিটি ম্যাচ প্রথমবারের মত মোবাইল ফোনে সরাসরি দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে এই প্রযুক্তির উন্নতিসাধন হতে আরও পাঁচ বছর সময় লাগবে বলে বুধবার এক প্রতিবেদনে জানায় ইনফর্মা টেলিকমস এন্ড মিডিয়া প্রতিষ্ঠান।
২০১১ সালের মধ্যে বিশ্ব জুড়ে মোবাইল টিভি’র ২২ কোটি গ্রাহক পাওয়া যাবে বলে আশা প্রকাশ করছে ইনফর্মা টেলিকমস এন্ড মিডিয়া প্রতিষ্ঠান। মোবাইলে টিভি প্রযুক্তি গ্রহণের ক্ষেত্রে এশিয়া--প্যাসিফিক অঞ্চলের ৯ কোটি ৫১ লাখ এবং ইউরোপের ৬ কোটি ৮৭ লাখ ফুটবল ভক্ত আগ্রোহী বলে জানায় প্রতিষ্ঠানটি।
ইনফর্মা টেলিকমস এন্ড মিডিয়া প্রতিষ্ঠানের সিনিয়র বিশ্লেষক ডেভিড ম্যাককুইন জানান, ২০০৮ সালের অলিম্পিক আসরের ইভেন্টগুলো মোবাইল ফোনে আরও ভালভাবে দেখানোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ২০১০ সালের বিশ্বকাপ ফুটবল আসরের আগে টিভি মোবাইল প্রযুক্তির স্থায়ী অবকাঠামো নির্মাণ করা হবে যার ফলে প্রতিটি ১৩ জন মোবাইল ব্যবহারকারীর মধ্যে একজনের মোবাইলে এই প্রযুক্তি পৌঁছে দেওয়া সম্ভব হবে।
সরাসরি টিভি সম্প্রচার প্রযুক্তি সম্বলিত মোবাইল ফোন বর্তমানে শুধুমাত্র ইউরোপের বাজারে পাওয়া যাবে।
ইনফর্মা টেলিকমস এন্ড মিডিয়া প্রতিষ্ঠান বিশ্বকাপ ফুটবল আসরের সময় গ্রাহকদের কাছ থেকে ৩০ কোটি ডলার আয় করার আশা করছে।
