এসিড সহিংসতা রোধে সাংবাদিকদের ভূমিকায় এসিড সার্ভাইভার ফাউন্ডেশনের পুরস্কার প্রদান
এসিড সার্ভাইভার ফাউন্ডেশন (এএসএফ) মঙ্গলবার ২০০৪ ও ২০০৫ সালে এসিড সহিংসতার বিরুদ্ধে জনসচেতনতা ও জনমত সৃষ্টির ক্ষেত্রে গণমাধ্যমের অবদানের জন্যে চার সাংবাদিককে পুরস্কার প্রদান করেছে।
গুলশানের স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে বিকালে এই পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কারপ্রাপ্তরা হলেন- সেরা প্রতিবেদন শাখায় মনিরুজ্জামান উজ্জ্বল (সমকাল), সেরা ফিচার শাখায় আফরোজা নাজনীন (আজকের কাগজ), টিভি মাধ্যমে প্রচারিত সেরা প্রতিবেদন শাখায় মুন্নী সাহা (এটিএন বাংলা) এবং আলোকচিত্র পুরস্কার পেয়েছেন আবীর আবদুল্লাহ (ডেইলি স্টার পত্রিকায় প্রকাশিত আলোকচিত্রের জন্যে)।
অনুষ্ঠানটি এএসএফ’র প্রতিষ্ঠাতা ট্রাস্টি প্রয়াত নাসরিন হকের স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করা হয়।
অনুষ্ঠানে প্রখ্যাত সাহিত্যিক সেলিনা হোসেন, বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজন, চ্যানেল আই’র প্রধান বার্তা সম্পাদক শাহ আলমগীর, এএসএফ’র নির্বাহী পরিচালক মুনিরা রহমান এবং এর প্রতিষ্ঠাতা সদস্য এএসএম শওকত হোসেন বক্তব্য রাখেন।
