গণগ্রেপ্তার অব্যাহত: আরো ৩০০ আওয়ামী লীগ নেতাকর্মী গ্রেপ্তার
বিরোধী ১৪ দলের ১১ জুনের ঢাকা অবরোধ কর্মসূচিকে সামনে রেখে গণগ্রেপ্তার অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় রাজধানী থেকে প্রায় ৩০০ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
লালবাগ ও কামরঙ্গীর চর এলাকাসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত পুলিশ অভিযান চালিয়েছে। মহানগর আওয়ামী লীগের অভিযোগ, পুলিশ লালবাগ ও কামরঙ্গীর চর এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীদের আটক করেছে।
পুলিশ লালবাগের ঘরে ঘরে অভিযান চালিয়ে লালবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জালাল আহমেদ এবং ওয়ার্ড নেতা বাবুল ভাণ্ডারি এবং চুন্নু চৌধুরীসহ বহু আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করে।
এদিকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আওয়ামী লীগ নেতা নবু হোসেন মোল্লা, মোহাম্মদ স্বপন, মোহাম্মদ জাহাঙ্গীর, রুবেল, রাজন এবং ড. নূর মোহাম্মদকে কামরঙ্গীর চর এলাকা থেকে আটক করে।
আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীদের অভিযোগ, কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই তাদের গ্রেপ্তার করা হয়।
স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, আটক নেতাদের বিরুদ্ধে কামরঙ্গীর চর থানায় কোনো মামলা নেই।
তারা আরো অভিযোগ করেন, আটককৃতদের অমানবিক পরিবেশে হাজতে রাখা হয়েছে।
ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী সেলিম ও অ্যাডভোকেট কামরুল ইসলাম গণগ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন।
মাহানগর নেতারা ঢাকা অবরোধ কর্মসূচিকে সফল করে তোলার জন্যে সমাজের সর্বস্তরের জনগণের কাছে আহ্বান জানান।
৫৪ ধারায় আটক দেখিয়ে আটককৃতদের বিভিন্ন আদালতে পাঠানো হয়েছে।
