২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপনা ১০ বছরের জন্যে থাই এয়ারকে দেওয়ার নতুন উদ্যোগ

অবশেষে চট্টগ্রাম শাহ আমানত আন্তার্জাতিক বিমানবন্দরের ব্যবস্থাপনা থাই এয়ারওয়েজের কাছে হস্থান্তর হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2006, 06:41 AM

Updated : 26 Apr 2022, 03:43 PM

এভিয়েশন সূত্র জানায়, শিগগিরই চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপনা ১০ বছরের জন্যে থাই এয়ারকে দেওয়া হবে।

থাই এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে, এরই মধ্যে এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে তাদের প্রয়োজনীয় চুক্তি হয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন বিষয়ক মন্ত্রণালয়ের একটি শীর্ষ স্থানীয় সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এর আগে সরকার চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপনা থাই এয়ারের কাছে হস্তান্তরের সিন্ধান্ত নিলে কর্মচারি ছাটাইয়ের আশঙ্কায় ঢাকা ও চট্টগ্রামে বিমান কর্মচারিরা এর বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলে। এরই পরিপ্রেক্ষিতে গত এপ্রিলে ওই সিদ্ধান্ত স্থগিত করা হয়।

বিমান প্রথম থেকেই চট্টগ্রাম বিমানবন্দরসহ দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দর ও চারটি স্টল পোর্টের গ্রাউন্ড হ্যান্ডিলিংসহ ব্যবস্থাপনার নানা দিক দেখভাল করছে।

এদিকে বহু বছর ধরে এ বিমানবন্দরে যাত্রী পরিসেবার মান নিয়ে ব্যাপক অসন্তোষ রয়েছে।

সূত্র জানায়, চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপনা হস্তান্তরের বিষয়ে থাই এয়ার সম্প্রতি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষর সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

থাই ইন্টরন্যাশনাল পাবলিক কোম্পানির সভাপতি কোনাক অভিরাধি আশা প্রকাশ করেন, এই চুক্তি দুদেশের এভিয়েশন ব্যবসায় সাফল্য নিয়ে আসবে।

থাই এয়ার এরই মধ্যে আকাশ পরিসেবা, যাত্রীদের সুস্বাদু খাবার পরিবেশনা, যাত্রী চেক--ইন, গ্রাউন্ড হ্যান্ডলিং, কার্গো হ্যান্ডলিং, কারিগরি সেবা-- ইত্যাদি ক্ষেত্রে দক্ষতা অর্জন করেছে। এখন তারা এই সেবাসমূহ চট্টগ্রাম বিমানবন্দরকেন্দ্রিক করতে আগ্রহী। থাই এয়ারের আশা, তারা বিমানবন্দরটির দায়িত্ব নিলে এটি দুদেশের জন্যেই লাভজনক হবে।

চট্টগ্রাম বিমানবন্দরের দায়িত্ব নেয়ার পর থাই এয়ার একই সঙ্গে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পক্ষে ওই বিমানবন্দরের ল্যান্ডিং ফি এবং এ সংক্রান্ত শুল্ক আদায় করবে।

এয়ারলাইন্সটি ভবিষ্যতে চীন ও মায়ানমারের বিমানবন্দরের ব্যবস্থাপনা গ্রহণ করতে আগ্রহী বলে জানা যায়।

এখন থাই এয়ার ব্যাংকক--চিয়ানমাই--চট্টগ্রাম রুটে এয়ারবাস ৩০০ -- ৬০০ দিয়ে বুধ, শুক্র ও রোববার তিনটি ফ্লাইট চালাচ্ছে।

থাই রাজ সরকারের জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্সটি ১৯৬০ সালে যাত্রা শুরু করে। এর উড়োজাহাজ বহরে বোয়িং, এয়ারবাস ও এটিআর-- ৭২সহ মোট ৮৭টি উড়োজাহাজ রয়েছে।