আজ্জুরিদের মাঝে '৮২ বিশ্বকাপ জয়ী ইটালি দলের উদ্দীপনা দেখছেন রসি
দলীয় উদ্দীপনা ও আক্রমণাত্বক কৌশল মার্সেলো লিপ্পির দলকে বিশ্বকাপ ফুটবল আসরে সফলতা এনে দিতে পারে বলে মনে করেন ইটালির ১৯৮২ সালে বিশ্বকাপ শিরোপা জয়ের নায়ক পাওলো রসি।
স্পেনে ১৯৮২ সালের বিশ্বকাপ আসরে ব্রাজিলের বিরুদ্ধে হ্যাট্রিকসহ ৬ টি গোল করেন ইটালির সাবেক মাঠ কাঁপানো স্ট্রাইকার পাওলো রসি। ২৪ বছর আগে সেই বিশ্বকাপ শিরোপা জয় এখনও উৎসাহ যোগায় আজ্জুরিদের।
রসি বলেন, “নিঃসন্দেহে দলের জন্য মানসম্মত খেলোয়াড় প্রয়োজন। মানসম্মত খেলোয়াড় ছাড়া বিশ্বকাপ আসরে খুব বেশি দূর যাওয়া সম্ভব নয়। তবে সাথে সাথে দলের খেলোয়াড়দের মাথে সমঝোতাও থাকতে হবে।”
তিনি আরও বলেন, “১৯৮২ সালের বিশ্বকাপ জয়ী ইটালি দলে এর সবকিছুই ছিল। আমরা সকলে বন্ধু ছিলাম এবং আমাদের সকলের একটিই মাত্র লক্ষ্য ছিল। যদি সকলেরই লক্ষ্য এক থাকে তাহলে তা পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায়।”
১৯৮২ সালে স্পেনে অনুষ্ঠিত বিশ্বকাপ আসরে প্রথম রাউন্ড অতিক্রম করতে লড়াই করতে হয় আজ্জুরিদের। একটি ম্যাচ হেরেও যায় ইটালি। তখন ইটালিয়ান মিডিয়া জুভেন্টানের সাবেক তারকা পাওলো রসির বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলেছিল।
