পুলিশ রিমাণ্ডে সাজিদ হত্যাকাণ্ডের প্রতিবাদে গাইবান্ধা এসপি অফিস ঘেরাও, সড়ক অবরোধ
পুলিশ রিমাণ্ডে সদর থানা হাজতে সাজিদুর রহমান সাজিদ হত্যাকাণ্ডের ঘটনায় তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে বৃহস্পতিবার নাগরিক কমিটির ডাকে গাইবান্ধার এসপি অফিস ঘেরাও ও গাইবান্ধা--পলাশবাড়ি সড়ক অবরোধ করা হয়েছে।
পরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। এছাড়া জেলা সামাজিক উদ্যোক্তা দলের উদ্যেগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
সমাবেশে সাজিদ হত্যার বিচার বিভাগীয় তদন্ত, সদর থানার সাবেক ওসি নূর আলমসহ দোষী পুলিশদের অবিলম্বে গ্রেপ্তার ও ফাঁসির দাবি জানানো হয়।
এছাড়া নাগরিক কমিটির প্রতিবাদ সভায় বিএনপি ক্যাডারদের হামলা, নেতাকর্মীদের লাঞ্ছিত ও ভাংচুরের ঘটনায় দায়ী বিএনপি ক্যাডারদের অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নাগরিক কমিটি আহুত এই কর্মসূচিতে সাজিদ হত্যাকারীদের ফাঁসি চাই স্লোগান লেখা কালো কাপড় মাথায় বেঁধে সর্বস্তরের বিপুল সংখ্যাক মানুষ অংশ নেয়।
প্রতিবাদ সমাবেশে তিন দফা দাবি আদায়ের লক্ষ্যে সর্বত্র কালো পতাকা উত্তোলন অব্যাহত রাখা, প্রতীক অনশন ও মানববন্ধন কর্মসূচিসহ সাত দিন ব্যাপী লাগাতার কর্মসূচির ঘোষণা দেয়া হয়। আগামী ছয় জুনের মধ্যে এই দাবি মেনে নেওয়া না হলে পরবর্তীতে জেলা ও উপজেলা পর্যায়ে হরতালসহ লাগাতার আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে সমাবেশে জানানো হয়।
