২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভার, গাজীপুরে আবারো শ্রমিক অসন্তোষ, ভাংচুর: ২ বিদেশিসহ ১৫ জন আহত, ৭টি কারখানা বন্ধ, সমন্বিত

সাভার ও গাজীপুরে বৃহস্পতিবার আবারো শ্রমিক অসন্তোষ হয়েছে। সাভারের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে শ্রমিকদের দাবি না মানায় উত্তেজিত শ্রমিকরা দুই বিদেশিসহ কারখানা মালিক পক্ষের ১৫ জনকে মারধর করেছে বলে অভিযোগ পাওয়া যায়।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 07:08 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

গাজীপুর পৌর এলাকার তিন সড়কে তিনটি তৈরি পোশাক শিল্পে শ্রমিকরা তাদের দাবি আদায়ে ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর করে।

বিডিনিউজ সাভার প্রতিনিধি বিভিন্ন সূত্রের বরাত দিয়ে জানান, লেলি ফ্যাশনের শ্রমিকরা তাদের ১১ দফার ব্যাপারে কথা বললে মালিক পক্ষের মুখপাত্র বিমান তাদের গালাগাল শুরু করে। এতে করে লেলি ফ্যাশনের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে ওঠে।

আন্দোলনকারী শ্রমিকদের একজন জানান, সাপ্তাহিক ছুটি, পরিবহন সুবিধা, দুপুরের খাবার ও ওভারটাইমের দাবিতে মালিক বরাবর আবেদন জানাতে চাইলে প্রাশাসনিক কর্মকর্তা লেলি ফ্যাশনের মালিক পক্ষের কর্মকর্তা বিমানের কাছে নিয়ে যায়।

দাবিদাওয়ার কথা শুনে বিমান (বিদেশি) তাদের গালাগাল করে। এতে ক্ষিপ্ত শ্রমিকরা ওই কর্মকর্তার রুমেই দুজনকে পিটিয়ে আহত করে।

এ ঘটনার পর গার্মেন্টস শ্রমিকরা লেলি ফ্যাশনের ভিতরেই বিক্ষোভ শুরু করে।

লেলি ফ্যাশন কর্তৃপক্ষের একজন জানান, আমরা তাদের শান্ত করার চেষ্টা করেছিলাম, কিন্তু তারা ক্ষিপ্ত হয়ে ওঠে এবং আমাদের ১৩ জনকে মারধর করে।

পরে শ্রমিকরা তাৎক্ষণিকভাবে কর্মবিরতি শুরু করে এবং ফ্যাক্টরির সামনে অবস্থান নেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, এ ঘটনার এক ঘণ্টা পর বেপজা কর্মকর্তা জিএম কামাল র‌্যাব ও পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে হাজির হন এবং কারখানার মালিক পক্ষ, পুলিশ ও র‌্যাব সদস্যদের নিয়ে শ্রমিকদের সাথে আলোচনায় বসেন।

উল্লেখ্য, গত তিন দিনে সাভার ইপিজেডের সাতটি কারখানা শ্রমিকদের কর্মবিরতির কারণে বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাওয়া কারখানাগুলো হচ্ছে: রিংসাইন, শাইন ফ্যাশন, অনার ওয়ে টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলস লিমিটেড, সোয়ান লোন, ইয়াং ওয়ান, সফট টেক্স এবং এ- ওয়ান।

বিডিনিউজ গাজীপুর প্রতিনিধি জানান, গাজীপুর জেলা সদরের কোনাবাড়ি, জিরাণীবাজার ও পৌর এলাকার তিন সড়কে তিনটি তৈরি পোশাক শিল্পে বৃহস্পতিবার শ্রমিকরা তাদের দাবি আদায়ে ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর করে।

সূত্র জানায়, জিরাণী বাজারের অনুপম নিট ফ্যাক্টরির কয়েকশ’ শ্রমিক তাদের হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে কারখানায় বিক্ষোভ দেখায়। এসময় তারা ফ্যাক্টরির কাঁচ ভাংচুর করে।

খবর পেয়ে গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো: মফিজউদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের দীর্ঘ বৈঠকে কারখানার জিএম মৌখিকভাবে শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নিলেও কবে তা পূরণ করা হবে তার অনিশ্চয়তায় শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করলেও কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকে।

এদিকে, একই দিন সকাল ৯টার দিকে কোনাবাড়ির তিতাস গার্মেন্টেসের শ্রমিকরা ৪শ’ টাকা হাজিরা বোনাস, পিস রেটের পরিমান বৃদ্ধি, উৎপাদন বোনাস বৃদ্ধি, শুক্রবার দুপুর ১২টার পর কাজ বন্ধসহ আট দফা দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠক বসলেও তা ব্যর্থ হয়।

এ ব্যাপারে কারখানার হিসাব রক্ষন কর্মকর্তা এম এ মোমিন জানান, শ্রমিকদের অনেক দাবিই অযৌক্তিক বলে তা মানা কারো পক্ষেই সম্ভব নয়। একটি মহলের ইন্ধনে এসব হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তবে শ্রমিকরা দুপুরের পর শান্তিপূর্ণভাবে তাদের কর্মস্থল ছেড়ে যায় বলে সূত্র জানায়।

মালিক-শ্রমিকের সমঝোতা না হওয়ায় কারখানার উৎপাদন কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ওই কারখানায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অপর দিকে গত বুধবার এ এন্ড এ ফ্যাশনের সাইফুল ইসলাম (২২) ও এনামুল হকের (২৪) নামের দুই মেশিন অপারেটরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে কর্তৃপক্ষ ব্যাপারটি মিটিয়ে দিলেও বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ঘটনার জের ধরে উভয় দলের ৭০/৮০ জন শ্রমিক পরস্পরের উপর হামলা চালায়। এসময় তারা কমপক্ষে ২২টি মেশিন ভাংচুর করে। দুই ঘন্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে এ এন্ড এ ফ্যাশনের পরিচালক নূর আহমদ জানান, কর্মচারীদের ব্যক্তিগত বিরোধের জের ধরে কারখানার মেশিনপত্র কেন ভাংচুর করলো তা রহস্যজনক।