২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে ৩টি গ্রার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ, ভাংচুর, কাজ বন্ধ

গাজীপুর সদরের কোনাবাড়ি, জিরাণীবাজার ও পৌর এলাকার তিন সড়কে তিনটি তৈরি পোশাক শিল্পে বৃহস্পতিবার শ্রমিকরা তাদের দাবি আদায়ে ব্যাপক বিক্ষোভ ও ভাংচুর করেছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jun 2006, 06:09 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সূত্র জানায়, জিরাণী বাজারের অনুপম নিট ফ্যাক্টরির কয়েকশ’ শ্রমিক তাদের হাজিরা বোনাস ও বেতন বৃদ্ধির দাবিতে কারখানায় বিক্ষোভ দেখায়। এসময় তারা ফ্যাক্টরির কাঁচ ভাংচুর করে।

খবর পেয়ে গাজীপুর অতিরিক্ত পুলিশ সুপার মো: মফিজউদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের মধ্যস্থতায় কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকদের দীর্ঘ বৈঠকে কারখানার জিএম মৌখিকভাবে শ্রমিকদের অধিকাংশ দাবি মেনে নিলেও কবে তা পূরণ করা হবে তার অনিশ্চয়তায় শ্রমিকরা বিক্ষোভ বন্ধ করলেও কাজে যোগ দেওয়া থেকে বিরত থাকে।

এদিকে, একই দিন সকাল ৯টার দিকে কোনাবাড়ির তিতাস গার্মেন্টেসের শ্রমিকরা ৪শ’ টাকা হাজিরা বোনাস, পিস রেটের পরিমান বৃদ্ধি, উৎপাদন বোনাস বৃদ্ধি, শুক্রবার দুপুর ১২টার পর কাজ বন্ধসহ আট দফা দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ শুরু করে। পরে মালিক পক্ষের সঙ্গে শ্রমিকদের সমঝোতা বৈঠক বসলেও তা ব্যর্থ হয়।

এ ব্যাপারে কারখানার হিসাব রক্ষন কর্মকর্তা এম এ মোমিন জানান, শ্রমিকদের অনেক দাবিই অযৌক্তিক বলে তা মানা কারো পক্ষেই সম্ভব নয়। একটি মহলের ইন্ধনে এসব হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। তবে শ্রমিকরা দুপুরের পর শান্তিপূর্ণভাবে তাদের কর্মস্থল ছেড়ে যায় বলে সূত্র জানায়।

মালিক-শ্রমিকের সমঝোতা না হওয়ায় কারখানার উৎপাদন কবে নাগাদ শুরু হবে তা নিয়ে ওই কারখানায় অনিশ্চয়তা দেখা দিয়েছে।

অপর দিকে গত বুধবার এ এন্ড এ ফ্যাশনের সাইফুল ইসলাম (২২) ও এনামুল হকের (২৪) নামের দুই মেশিন অপারেটরের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটি ও হাতাহাতির পর্যায়ে চলে যায়। পরে কর্তৃপক্ষ ব্যাপারটি মিটিয়ে দিলেও বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ওই ঘটনার জের ধরে উভয় দলের ৭০/৮০ জন শ্রমিক পরস্পরের উপর হামলা চালায়। এসময় তারা কমপক্ষে ২২টি মেশিন ভাংচুর করে। দুই ঘন্টা পর পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে এ এন্ড এ ফ্যাশনের পরিচালক নূর আহমদ জানান, কর্মচারীদের ব্যক্তিগত বিরোধের জের ধরে কারখানার মেশিনপত্র কেন ভাংচুর করলো তা রহস্যজনক।