২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রা.বি.তে ড.তাহের হত্যার আসামি সালেহীর পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্তে আসতে পারেনি বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রবীণ অধ্যাপক ড. এস. তাহের হত্যা মামলার অন্যতম আসামি শিবির নেতা মাহবুব আলম সালেহী মাস্টার্স পরীক্ষা দিতে পারবে কিনা, তা নিয়ে বিভাগের একাডেমিক কমিটির সভায় কোনো সিদ্ধান্ত হয়নি। ভূ--তত্ত্ব বিভাগ প্রশাসনের কাছে আবারো নির্দেশনা চেয়ে বুধবারই রেজিস্ট্রার বরাবর চিঠি পাঠিয়েছে। 

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2006, 06:30 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

সূত্র জানায়, এর আগে বিশ্ববিদ্যালয় প্রশাসন শর্ত সাপেক্ষে বিষয়টি বিভাগের ওপর ছেড়ে দিয়েছিল। প্রশাসন বিভাগকে জানায়, তার ছাত্রত্ব থাকা, ক্লাসে প্রয়োজনীয় উপস্থিতিসহ মাস্টার্সের ফরম পূরণের জন্যে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী প্রয়োজনীয় শর্ত পূরণ করলে সে পরীক্ষায় অংশ নিতে পারবে।

কিন্তু এর আগে গত সোমবার গোয়েন্দা পুলিশ একটি বিজ্ঞপ্তিতে সালেহীর উপস্থিতিমাত্র তাকে ধরিয়ে দিতে রা.বি. প্রশাসন ও ভূ--তত্ত্ব বিভাগকে অনুরোধ জানায়। পুলিশের এ অনুরোধ বিভাগকে সংশয়ে ফেলেছে বলে বিভাগের একটি সূত্র জানায়। ফলে বিভাগ তার বিষয়ে কোনো সিদ্ধান্ত না নিয়ে আবারও নির্দেশনার জন্যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চিঠি পাঠায়।

এ বিষয়ে রাবির রেজিস্ট্রার মো. আবদুস সালাম জানান, দুপুরে অফিস সময় শেষে এ সংক্রান্ত চিঠি পেয়ে তা তৎক্ষণাৎ পরীক্ষা নিয়ন্ত্রণ দফতরে পাঠিয়ে দেওয়া হয়েছে। পরীক্ষা নিয়ন্ত্রণ দফতর এবং বিভাগই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। পরীক্ষা নিয়ন্ত্রক জনাব মুহাম্মদ আনোয়ার হোসেন জানান, ছাত্রত্ব ও প্রয়োজনীয় উপস্থিতি থাকলে সে পরীক্ষা দিতে পারবে। তবে ফরম পূরণের বিষয়ে সিদ্ধান্ত নেবে বিভাগ।

সালেহীর স্বাক্ষর সম্বলিত মাস্টার্সের পরীক্ষায় অংশগ্রহণের আবেদনপত্র ১৬ মে বিভাগে জমা পড়ে। তখন থেকেই বিষয়টি নিয়ে প্রশাসন ও বিভাগের মধ্যে টানা--হেঁচড়া চলছে।