প্রতি মিনিট ৩ পয়সায় ইন্টারনেট সুবিধা: সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত
ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় শিক্ষার্থীসহ সকলের জন্য মিনিট প্রতি মাত্র তিন পয়সায় ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ কথা জানানো হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি জিএম ফজলুল হক।
বৈঠকে সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য দক্ষ জনবলের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় বলে বৈঠক শেষে জিএম ফজলুল সাংবাদিকদের জানান।
সাবমেরিন ক্যাবল রক্ষণাবেক্ষণের জন্য কেন্দ্রীয়ভাবে ২৫, রাজস্ব কার্যালয়ের জন্য ১৪ এবং মাঠ পর্যায়ে ৪৩টিসহ মোট ৮২টি পদ অনুমোদন করা হয়। জনবল কাঠামো অনুমোদনের জন্য ইতোমধ্যেই সংস্থাপন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে মন্ত্রণালয়ের কর্মকর্তারা বৈঠকে জানান।
কমিটির সভাপতি জানান, ১৪টি দেশের সাথে কনসোর্টিয়ামের মাধ্যমে মূল লাইন থেকে সাবমেরিন ক্যাবলের সংযোগ নেওয়ায় সরকারের প্রায় ৩০০ কোটি টাকার সাশ্রয় হয়েছে। এর আগে সিঙ্গাপুর থেকে লাইন নিতে এর ব্যয় ৯২১ কোটি টাকা ব্যয় ধরা হলেও বর্তমান প্রক্রিয়ায় এর জন্যে মাত্র ৬২৮ কোটি টাকা ব্যয় হয়েছে।
বিশ্বের বিভিন্ন দেশের সাথে সাবমেরিন ক্যাবলের মাধ্যমে যোগাযোগ প্রতিষ্ঠায় সার্কিট স্থাপনে ইতোমধ্যে সৌদি আরব ও আরব আমিরাতের সাথে চুক্তি করা হয়েছে। এছাড়া সিঙ্গাপুর ও মালয়েশিয়ার সাথে চুক্তি স্বাক্ষরের প্রক্রিয়া চলছে। কমিটি দ্রুত গোটা বিশ্বের বিভিন্ন দেশের সাথে চুক্তি করার জন্য সংশ্লিষ্টদের তাগিদ দেয়।
তিনি জানান, বিটিটিবিসহ দেশের বিভিন্ন ল্যান্ড ফোন এবং মোবাইল ফোন কোম্পানিসহ বিভিন্ন এলাকায় সাবমেরিন ক্যাবলের সুবিধা ছড়িয়ে দিতে অভ্যান্তরীণ ১৫ হাজার সার্কিট ক্ষমতাসম্পন্ন এবং আন্তর্জাতিক বিশ্বের সাথে যোগাযোগ স্থাপনে ১০ সার্কিট ক্ষমতাসম্পন্ন ট্রাংক অটো এক্সচেঞ্জ স্থাপনের বিষয়ে বৈঠকে আলোচনা হয়। এ ব্যাপারে ইতোমধ্যেই দরপত্র আহ্বান করা হয়েছে বলে মন্ত্রণালয় সূত্র জানায়।
বৈঠকে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, কমিটির সদস্য ও মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, আওয়ামী লীগের আব্দুল হাই, বিএনপির আব্দুল মোমিন তালুকদার, আলী কদর ও জামায়াতের ফরিদ উদ্দিন চৌধুরী।
