সাতক্ষীরার সকল রুটে সাড়ে তিন ঘণ্টা যানবাহন চলেনি
সাতক্ষীরায় দুই মালিক সমিতির দ্বন্দ্বের জের ধরে বুধবার সবকটি রুটে সাড়ে তিন ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ ছিল।
মালিক সমিতির একাধিক সূত্র জানায়, আদালতের আদেশ উপেক্ষা করে সাতক্ষীরা বাস মিনিবাস মালিক অ্যাসোসিয়েশনের লোকজন সরকারি দলের ক্যাডারদের হস্তক্ষেপে টার্মিনাল থেকে সাতক্ষীরা জ- ১১- ০১১১, সাতক্ষীরা জ- ০০- ৫৩ এবং খুলনা ব- ১০৯৭ নম্বরের তিনটি বাস খুলনায় পাঠানোর সিদ্ধান্ত নেয়। এ সময় বিরোধী পক্ষের বাস মিনিবাস মালিক সমিতির সমর্থক শ্রমিকরা সকল রুটে যানবাহন চলাচল বন্ধ করে দেয়।
ঘটনা জানার সাথে সাথে সহকারী পুলিশ সুপার সেখানে যান এবং পুলিশ মোতায়েন করেন। পরে উভয় সমিতির নেতাদের জেলা প্রশাসকের কার্যালয়ে ডেকে পাঠানো হয়। সেখানে জেলা প্রশাসকের পক্ষে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট হেমায়েতউদ্দিন এবং পুলিশ প্রশাসনের পক্ষে এএসপি (সার্কেল) দেলোয়ার হোসেন সাইদী তাদের নিয়ে আলোচনায় বসেন। প্রায় তিন ঘণ্টাব্যাপী আলোচনার পর আদালতের আদেশ পরিবর্তন না হওয়া পর্যন্ত মালিক সমিতির নিয়ন্ত্রণাধীন ১৩ টি যানবাহন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়।
আলোচনা শেষে উভয় সমিতির নেতাদের সম্মতিতে সকল রুটে যানবাহন চলাচল স্বাভাবিক হয়ে আসে।
