পাবনা, গাইবান্ধায় সড়ক দুর্ঘটনায় নিহত ৮, আহত ২৪, সমন্বিত
পাবনা ও গাইবান্ধায় মঙ্গলবার পৃথক সড়ক দুর্ঘটনায় আটজন নিহত ও ২৪ জন আহত হয়েছে। পাবনার বেড়া উপজেলায় বাস খাদে পড়ে চারজন এবং গাইবান্ধায় পৃথক দুটি দুর্ঘটনায় চারজন নিহত হয়।
বিডিনিউজ পাবনা প্রতিনিধি জানান, । নগরবাড়ি--বগুড়া মহাসড়কের বেড়া উপজেলার ভেন্নাবাড়ি এলাকায় এক সড়ক দুর্ঘটনায় মঙ্গলবার চারজন নিহত এবং কমপক্ষে ১০জন আহত হয়েছে।
নিহতরা হলো-- বেড়া উপজেলার ভিম (৩৫) ও রতন মৃধা (৩৮), সাঁথিয়া উপজেলার মিন্টু (২২) এবং পাবনা সদর উপজেলার বকুল (৪০)।
পুলিশ জানায়, পাবনা থেকে ছেড়ে আসা সিরাজগঞ্জগামী মায়ের দোয়া নামের যাত্রীবাহী বাস একটি রিক্সা ভ্যানকে সাইড দিতে দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়।
আহতদের বেড়া ও সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
বিডিনিউজ গাইবান্ধা প্রতিনিধি জানান, সাদুল্যাপুর ও গোবিন্দগঞ্জে মঙ্গলবার পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং কমপক্ষে ১৪জন আহত হয়েছে।
নিহতরা হলো- তৈমুদ্দিন (৪২), শাহাদুল ইসলাম (৩০), সফিকুল ইসলাম (১৮), এবং নুরুমিয়া (৫০)।
সূত্র জানায়, ভোরে নীলফামারীর জলঢাকা থেকে মরিচবাহী একটি ট্রাক (ঢাকা মেট্রো - ঢ - ১৪ - ১২০৮) সাদুল্যাপুর উপজেলার ধাপেরহাট সোনারগাড়ি এলাকায় দাঁড়িয়ে থাকা অপর একটি ট্রাককে (বগুড়া - দ - ১১ - ০৩৫৮) পিছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের হেলপার সফিকুল ইসলামসহ দুই মরিচ ব্যাবসায়ী নিহত হয় এবং পাশে দাঁড়িয়ে থাকা তিনজন আহত হয়।
অপরদিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়িগঞ্জ এলাকায় রংপুর - বগুড়া মহসড়কে সোমবার রাতে রংপুরগামী একটি কোচের সাথে বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই নুরু মিয়া নামের একজন নিহত এবং কমপক্ষে ১১ যাত্রী আহত হয়।
আহতদের বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
