২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ার ‘আন্দোলনের বাজার’ পত্রিকার প্রেসে সাংসদ শহীদুলের ক্যাডারদের হামলা, প্রকাশনা বন্ধ

কুষ্টিয়ায় সাংবাদিকদের ওপর বিএনপি ক্যাডারদের হামলার পর এবার স্থানীয় পত্রিকা ‘দৈনিক আন্দোলনের বাজার’ পত্রিকার প্রেসে হামলা চালিয়ে প্রকাশনা বন্ধ করে দেওয়া হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2006, 04:28 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

পত্রিকা কর্তৃপক্ষ জানিয়েছে, সাংসদ শহীদুলের ক্যাডাররা মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় কুষ্টিয়া শহরের কোর্ট পাড়ায় অবস্থিত আন্দোলনের বাজার পত্রিকার ছাপাখানায় হামলা করে মুদ্রনযন্ত্র থেকে প্লেট তুলে দুমড়ে মুচড়ে ফেলে এবং কাগজ ছিনিয়ে নিয়ে যায়। ঘটনার পরপরই এমপি ক্যাডারদের হুমকির মুখে প্রেস বন্ধ করে দেওয়া হয়। এর ফলে মঙ্গলবার দৈনিক আন্দোলনের বাজার পত্রিকা প্রকাশিত হয়নি।

এ সময় তারা ছাপাখানার সহকারী সার্কুলেশন ম্যানেজার শফিকুর রহমান শফিকে ধরে নিয়ে যায়। তাকে মারধর করে এক ঘন্টা পর ছেড়ে দেয়।

পত্রিকা কর্তৃপক্ষ আরো জানায়, ‘অফিস থেকে ট্রেসিং নিয়ে যাওয়ার পথে হামলা করা হবে। পথে ক্যাডাররা সারা রাত ঘোরা ফেরা করছে।’ এখবর জানার পর মধ্যরাতে পত্রিকার কাজ শেষ হলেও তারা ট্রেসিং নিয়ে প্রেসে যেতে পারেননি। পরে খুব ভোরে সহকারী সার্কুলেশন ম্যানেজার শফিকুর রহমান শফিক (২৭) ট্রেসিং নিয়ে প্রেসে যায়। শহরের কোর্টপাড়ায় হাইকোয়ালিটি প্রিন্টিং প্রেসে পত্রিকা প্রকাশের জন্য প্লে¬টও তৈরি করা হয়। এ সময় ১৫/২০ জনের একদল ক্যাডার প্রেসে হামলা করে। এবং আন্দোলনের বাজার পত্রিকার প্লেট ভেঙে ফেলে ও ট্রেসিং ছিড়ে ফেলে। ঘটনার পর প্রেসের মালিক ছুটে আসলে তাকে ওই পত্রিকাটি প্রকাশ না করার হুমকি দিয়ে চলে যায়। এঘটনার কিছুক্ষন পর সহকারি সার্কুলেশন ম্যানেজার শফিক অফিসে ফেরার পথে ক্যাডাররা তাকে ধরে নিয়ে এক ঘন্টা আটকে রাখে। এ ঘটনায় পত্রিকার সাংবাদিক - কর্মচারীদের মধ্যে বিরাজ করছে চরম আতংক।

সাংসদ শহীদুল ইসলামের নামে জাতীয় এবং স্থানীয় পত্রিকায় ধারাবাহিকভাবে সংবাদ প্রকাশের কারণে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। গত ২৮ মে এক প্রতিবাদ সমাবেশে ওই এমপিসহ স্থানীয় আরও দুই এমপি আন্দোলনের বাজার পত্রিকায় তার বিরুদ্ধে সংবাদ পরিবেশন থেকে বিরত না থাকলে পত্রিকাটি বন্ধ এবং সাংবাদিকদের কুষ্টিয়া থেকে বিতাড়িত করা হবে বলে হুমকি দেয়।

এদিকে আন্দোলনের বাজার পত্রিকা কর্তৃপক্ষ অভিযোগ করেছে, সাংসদ শহীদুল ইসলামসহ অপর দুই এমপি’র হুমকির কারণে থানা পুলিশের কাছে নিরাপত্তা চেয়েও পাচ্ছে না। এছাড়া বর্তমানে ওই পত্রিকার সাত সাংবাদিককেও টার্গেট করা হয়েছে। মোবাইল ফোনে তাদের কুষ্টিয়া ত্যাগের নির্দেশ দেওয়া হচ্ছে। না হলে তাদের উপর হামলাসহ হত্যার হুমকি দেওয়া হয়েছে। সাংবাদিক সমাবেশে হামলার পর থেকে ওই সাংসদ ক্যাডাররা সারাক্ষণ শহরের এনএস রোডে টহল দিচ্ছে। এ কারণে আন্দোলনের বাজারের সাত সাংবাদিক নিরাপত্তাহীনতায় ভূগছেন। অফিসে হামলা ও পুড়িয়ে দেওয়ার আশংকায় মঙ্গলবার দুপুরে পত্রিকা কর্তৃপক্ষ আবারও কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপর এবং র‌্যাবের কাছে নিরাপত্তা চেয়েছে।

সাংসদ শহীদুল ইসলাম মোবাইলে বলেছেন, কতিপয় সাংবাদিক আমার বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। মূলত তারা একটি মহলের হয়ে কাজ করছে। এ লক্ষ্যে আমার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে। তার লোকজন কখনই পত্রিকার প্রেসে হামলা করেনি।

সাংসদ শহীদুলের নানা অপকীর্তি তুলে ধরে আন্দোলনের বাজার পত্রিকাসহ কয়েকটি জাতীয় দৈনিক ধারাবাহিকভাবে রিপোর্ট প্রকাশ করে আসছে।

এ মাসের প্রথম সপ্তাহ থেকে সাংসদ শহীদুল এবং মেহেদী রুমি ওই পত্রিকা বন্ধ করে দেওয়া, জাতীয় দৈনিকগুলো কুষ্টিয়ায় আসতে দেওয়া হবে না এবং সাংবাদিকদের হত্যার হুমকি দিয়ে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখছেন।

সোমবারের সাংবাদিকদের ওপর হামলার খবর জাতীয় দৈনিকে প্রকাশ করা হলে মঙ্গলবার কয়েকজন সাংবাদিকদের পরিবার পরিজনকে হত্যা করা হবে বলে তারা হুমকি দেওয়া হয়।

ইতোমধ্যে তাদের অত্যাচার নির্যাতনে স্থানীয় চারজন সাংবাদিক ২১ দিন ধরে ঢাকায় অবস্থান করছেন।