২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে টানা চারদিনের বৃষ্টিপাতে দেয়াল ধসে আহত ৪, একজন নিখোঁজ, বিমান ও সমুদ্র বন্দরের কার্যক্রম বিঘ্নিত

চট্টগ্রামে একটানা বৃষ্টিপাতের চতুর্থ দিন সোমবার বন্দর নগরীতে রিক্সাচালক নিখোঁজ ও অপর চারজন আহত হয়েছে। জনজীবন চূড়ান্তভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 09:35 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

মৌসুমী বায়ুর প্রভাবে চারদিন ধরে চট্টগ্রাম শহর ও শহরের বাইরে বিভিন্ন স্থানে এবং পার্শ্ববর্তী অন্যান্য জেলায় প্রবল বৃষ্টিপাত হচ্ছে।

অবিরাম বৃষ্টিপাতের ফলে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। পরবর্তী এক থেকে দুই দিন এ বৃষ্টিপাত অব্যাহত থাকলে বন্যা অনিবার্য হয়ে যাবে বলে অনেকেই আশঙ্কা করছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিক্সাচালক রাস্তার ওপর কোমর সমান বৃষ্টির পানিতে নেমে তার হারানো জুতা খুঁজতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যান। নিখোঁজ ওই রিক্সাচালকের সন্ধান এখনও পাওয়া যায়নি।

এছাড়া কিং অব চিটাগং কমিউনিটি সেন্টারের ভবনে এবং সংলগ্ন চট্টগ্রাম মডেল হাইস্কুলের দেওয়ালে পাশের পাহাড়ের মাটি ধসে পড়ার ফলে চারজন আহত হয়।

টানা বৃষ্টিপাত ও বজ্রসহ বৃষ্টিপাতের ফলে শহরের বিভিন্ন এলাকায় কম্পিউটার সরঞ্জাম ও ইন্টারনেট সংযোগদানকারীদের বিভিন্ন যন্ত্রাংশের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

বজ্রপাতের ফলে ভিস্যাট, হাব মডেম, ল্যান কার্ড, ইন্টারনেট ক্যাবলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানায় ইন্টারনেট সংযোগদানকারী প্রতিষ্ঠান সাউথনেট।

এছাড়া প্রচুর টেলিফোন বিকল হয়ে পড়েছে।

সোমবার সন্ধ্যা পর্যন্ত ধরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ ১৭৬ মিমি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে স্থানীয় আবহাওয়া অফিস জানায়।

নগরীর এক তৃতীয়াংশ এলাকা কোমর সমান পানির নিচে তলিয়ে গেছে। নগরীতে মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

কিছু এলাকার লোকজন জানান, তারা গত ত্রিশ বছরে এমন বৃষ্টিপাত হতে দেখেননি।

আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার ও মংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় হুশিয়ারি সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে।

গত চারদিন ধরে সূর্যের মুখ দেখা যায়নি।

এদিকে বিমানবন্দর সূত্র জানায়, খারাপ আবহাওয়ার কারণে শাহ আমানত বিমানবন্দর নির্ধারিত ফ্লাইট বিলম্বিত করা হয়েছে।

খারাপ আবহাওয়ার কারণে  দেশের প্রধান সমুদ্র বন্দরে কার্গো খালাসে বিঘ্ন সৃষ্টি হয়েছে।