২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সাবমেরিন ক্যাবল স্থাপনে প্রতি বছর সাশ্রয় হবে ৮০ কোটি টাকা’

ব্যান্ডউইথ সাবসক্রিপশন সম্বলিত সাবমেরিন ক্যাবল স্থাপনের মাধ্যমে তথ্যের মহাসড়কের সাথে বাংলাদেশ সম্পৃক্ত হওয়ায় দেশের ইন্টারনেট সেবা প্রদানকারীরা প্রতি বছর ৮০ কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2006, 09:08 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

বাংলাদেশ ইন্টারনেট সেবা প্রদানকারী সমিতির (আইএসপিএবি) সূত্র জানায়, সাবমেরিন ক্যাবলের ব্যান্ডউইথ বৈদেশিক মুদ্রা পাচার নিয়ন্ত্রণ করবে ও সরকারের কোষাগারে রাজস্বের সরবরাহ বৃদ্ধি করবে।

বাংলাদেশ তার ও টেলিফোন বোর্ড (বিটিটিবি) সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথ বিক্রি করার মাধ্যমে ১১ টি ইন্টারনেট সেবা প্রদানকারীর কাছে থেকে ইতোমধ্যে সাড়ে ৬ কোটি টাকা আয় করেছে।

এদিকে রাজধানীর ইন্টারনেট ব্যবহারকারীরা সেকেন্ডে দুই মেগাবাইট (এমপিপিএস) ক্ষমতাসম্পন্ন সাবমেরিন ক্যাবলের সুবিধা পেতে শুরু করেছেন। আগে সেবা প্রদানকারীদের এক মেগাবাইটের জন্য প্রতি মাসে ৩০০০ মার্কিন ডলার দিতে হতো। আর একই মেগাবাইটের জন্য এখন তাদেরকে দিতে হয় প্রতি মাসে ১০০০ মার্কিন ডলার।

আইএসপিএবি সূত্র জানায়, দেশের পাঁচ লাখের মতো ইন্টারনেট ব্যবহারকারী এখন ৪০০ থেকে ৫০০ এমবিপিএস ব্যবহার করে। সাবমেরিন ক্যাবলের যাত্রা শুরু হওয়ায় ব্যবহারকারী ও ব্যান্ডউইথের সংখ্যা দ্রুতগতিতে বৃদ্ধি পাবে বলে ধারনা করা হচ্ছে।

বিটিটিবির পরিচালক (পরিচর্যা ও পরিচালনা) মুখলেসুর রহমান বলেন, বোর্ড এক এমবিপিএস ব্যান্ডউইথ ইন্টারনেট সেবা প্রদানকারীদের কাছে বিক্রি করছে ৭৫,০০০ টাকায় (প্রতি মাসে)। ভিস্যাটের কাছ থেকে একই ক্ষমতাসম্পন্ন সেবার জন্য ইন্টারনেট সেবা প্রদানকারীদের দিতে হয় মাসে ২০৩,০০০ টাকা।

তিনি বলেন, সাবমেরিন ক্যাবল ব্যান্ডউইথ নেওয়ার জন্য সেবা প্রদানকারীদের ৩০টির বেশি আবেদন পড়েছে।

তবে আইএসপিএবির সভাপতি আখতারুজ্জামান মঞ্জু বলেন, সেবা প্রদানকারীরা ইন্টারনেট ব্যবহারকারীদের উন্নত মানের সেবা দিতে পারবে। কিন্তু চার্জ কমাতে পারবে না।

তিনি বলেন, গ্রাহকরা ভালো সেবা না কম চার্জ চায় এটা তাদের পছন্দ। কিন্তু আমরা আমাদের সম্মানীত গ্রাহকদের প্রথমটাই দিতে চেয়েছি।

সাবমেরিন ক্যাবলের শুল্ক হার কমাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিটিটিবিকে অবশ্য কিছুটা টাকা আয় করতে হবে। কিন্তু ইন্টারনেট ব্যান্ডউইথের ওপর প্রতিবন্ধকতা থাকলে বাংলাদেশ বড় ধরনের ব্যবসায়ের সুযোগ হারাতে পারে।

ইন্টারনেট সেবা প্রদানকারীরা বিটিটিবির অতিসাম্প্রতিক আরোপকৃত শুল্ক হারের কারণে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য চার্জ হ্রাস করতে সক্ষম হবে না। তবে সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো ভিস্যাটের জন্য বিদেশী ইন্টারনেট এক্সচেঞ্জ সেবা প্রদানকারীদের যে পরিমাণ চার্জ দিয়ে থাকে, বিটিটিবির নতুন চার্জ তার একতৃতীয়াংশ।

বাংলাদেশ অনলাইনের প্রিন্স মজুমদার বার্তা সংস্থা বিডিনিউজকে বলেন, সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো আগামী কয়েক মাস বিদেশি ইন্টারনেট এক্সচেঞ্জ প্রোভাইডারদের সেবা গ্রহণ অব্যাহত রাখবে।

তিনি বলেন, ইন্টারনেট ব্যবহারের চার্জ কমপক্ষে ৫০ শতাংশ কমতে যাচ্ছে। আর চার থেকে ছয় মাসের মধ্যে গ্রাহকরা সাবমেরিন ক্যাবলের পূর্ণ সুবিধা পেতে শুরু করবেন।

আইএসপিএবি সভাপতি জানান, সাবমেরিন ক্যাবলের পরিপূরক হিসেবে বিটিটিবির কোনো ব্যাকআপ সিস্টেম না থাকায় ইন্টারনেট সেবা প্রদানকারীদেরকে বিদেশী ইন্টারনেট সেবা প্রদানকারীদের ওপর নির্ভরশীল থাকতেই হবে। তার মতে, বিটিটিবিকে ব্যাকআপ ভিস্যাট (ভেরি স্মল এপারচার স্যাটেলাইট) স্থাপন করতে হবে।

বিটিটিবি চেয়ারম্যান আব্দুল মালেক আখন্দ বলেন, আমাদের ইতোমধ্যে ব্যাকআপ ভিস্যাট রয়েছে। ইন্টারনেট সেবা প্রদানকারীরা সহজেই আমাদের সাবমেরিন ক্যাবলের ওপর নির্ভর করতে পারে।