২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝালকাঠির ২ বিচারক হত্যা মামলার রায়ে নিহতদের স্বজনরা খুশি

ঝালকাঠির ২ বিচারক সোহেল আহম্মেদ ও জগন্নাথ পাঁড়ে হত্যা মামলায় জেএমবি প্রধান শায়খ রহমান ও সেকেন্ড ইন কমান্ড বাংলা ভাইসহ সাতজনের ফঁসির রায় ঘোষণার পর নিহত বিচারকদের স্বজনরা সন্তোষ প্রকাশ করে অবিলম্বে রায় কার্যকর করার দাবি জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঝালকাঠি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2006, 04:06 PM

Updated : 26 Apr 2022, 03:42 PM

নিহত বিচারক জগন্নাথ পাঁড়ের স্ত্রী জ্যেতি পাঁড়ে বলেছেন, প্রকাশ্যে খুনিদের ফাঁসি দিয়ে প্রমাণ করতে হবে কোনো খুনিই আইনের উর্ধ্বে নয়। আমি স্বামী হারিয়েছি, আমার সন্তান তার বাবাকে হারিয়েছে। কোনোভাবেই এ শূণ্যতা পূরণ হবার নয়। যত তাড়াতাড়ি সম্ভব এ রায় কার্যকর হলে অন্তত কিছুটা হলেও আমরা শান্তি পাব।

নিহত অপর বিচারক সোহেল আহম্মেদের স্ত্রী কান্তা কান্না জড়িত কন্ঠে বলেছেন, খুনিদের ফাঁসি হোক এটা আমার দাবি। পাশাপাশি সরকারের কাছে আমার অনুরোধ দেশের কোথাও যেন ঝালকাঠির মত ট্রাজেডি না ঘটে।

রায়ে আদালত পড়ায় আইনজীবরা সন্তোষ প্রকাশ করেছেন।

মামলার বাদি ঝালকাঠি জজশিপের গাড়ি চালক সুলতান আহম্মেদ বলেছেন, বোমাবাজদের উচিত শিক্ষা হয়েছে। এর ফলে নিহত বিচারকদের আত্মা শান্তি পাবে।

ঝালকাঠি আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাজাহান জানিয়েছেন, এ রায় থেকে ভবিষ্যতে সন্ত্রাসীরা উচিত শিক্ষা নেবে।