খুলনায় পুলিশের ক্রসফায়ারে চরমপন্থি ক্যাডার নিহত
খুলনার ফুলতলা উপজেলার দক্ষিণ দীঘি গ্রামের একটি ইট ভাটায় শুক্রবার ভোরে পুলিশের ক্রসফায়ারে নিউ বিপ্লবী কমিউনিস্ট পার্টির এক ক্যাডার নিহত হয়েছে।
নিহত চরমপন্থির নাম জুলফিকার আলী ভুট্টো।
পুলিশ জানায়, ভুট্টোকে বুধবার গ্রেপ্তারের পর তার দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য শুক্রবার ভোরে দক্ষিণ দীঘি গ্রামের একটি ইট ভাটায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা ভুট্টোর সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে।
পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ভুট্টো পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি পাইপগান এবং তিন রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত চরমপন্থি সদস্য ভুট্টোর বিরুদ্ধে চারটি হত্যাসহ পাঁচটি মামলা রয়েছে।
