২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মন্ত্রী পরিবর্তন হলেও, বিদ্যুত সমস্যা অপরিবর্তিতই রয়ে গেছে

বিদ্যুত বিভাগের প্রতিমন্ত্রীকে সরিয়ে দেওয়া হলেও বিদ্যুত সঙ্কট অব্যহত রয়েছে। ব্যাপক সমালোচনার মুখে রোববার বিদ্যুত বিভাগ থেকে ইকবাল হাসান মাহমুদকে কৃষি মন্ত্রণালয়ে সরিয়ে দেওয়া হলেও পরিস্থিতি সেই আগের মতই রয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2006, 07:34 PM

Updated : 26 Apr 2022, 03:41 PM

নতুন বিদ্যুত প্রতিমন্ত্রী মেজর জেনারেল (অবঃ) আনোয়ারুল কবিরের এ পর্যন্ত একটাই সাফল্য আর তা হলো- নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে দোকান মালিকদেরকে তাদের কর্মসূচি বাতিল করার ব্যাপারে বোঝাতে সক্ষম হয়েছেন।

দোকান মালিক ছাড়া তালুকদার ইতোমধ্যে বিদ্যুত বিভাগের কর্মকর্তা, ঢাকা বিদ্যুত সরবরাহ কর্তৃপক্ষ (ডেসা) এবং ঢাকা বিদ্যুত সরবরাহ কোম্পানি লিমিটেড (ডেসকো) এবং মন্ত্রণালয়ের অ্যাডভাউজরি কাউন্সিলের সাথে বৈঠক করেছেন।

তার দুটি বড় বিদ্যুত কেন্দ্র পরিদর্শন করারও কথা রয়েছে। শুক্রবার আশুগঞ্জ এবং শনিবার তিনি ঘোড়াশাল বিদ্যুত কেন্দ্র পরিদর্শণ করবেন।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেন, কর্মকর্তাদের সাথে বৈঠক করা সত্ত্বেও পরিস্থিতি দিন দিন খারাপই হচ্ছে। গত চার বছরে সরকারের সিদ্ধান্তহীনতা ও ভুল পরিকল্পনার কারণে এ সঙ্কটের সৃষ্টি হয়েছে।

বাংলাদেশ বিদ্যুত উন্নয়ন বোর্ড (বিপিডিবি) বৃহস্পতিবার পিক আওয়ার চাহিদা ৪,৪০০ মেগাওয়াটের পরিবর্তে ৩,৪৬১ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের প্রত্যাশা করে। 

তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, পিক আওয়ারে বিদ্যুতের সঠিক চাহিদা ৫২০০ মেগাওয়াট এবং উৎপাদন ৩,৩০০ মেগাওয়াটের বেশি নয়।

বুধবার উৎপাদন ছিলো- ৩,২৮০ মেগাওয়াট।

সূত্র জানায়, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন এবং ছোট ছোট জেলা শহরগুলোই চরম বিদ্যুত সঙ্কটে ভুগছে।

অন্যদিকে, ডেসা এবং ডেসকোর মাধ্যমে রাজধানীতে সর্বোচ্চ সরবরাহের চেষ্টা থাকলেও লোড শেডিং থেমে নেই।

ডেসা ও ডেসকো আওতাধীন এলাকাগুলোতে চাহিদা ১৮,০০ মেগাওয়াট। গত সপ্তাহে সরবরাহ ছিলো ১২০০ মেগাওয়াট এবং এ সপ্তাহে তা কমে ১১০০ মেগাওয়াটে দাঁড়িয়েছে।

একজন কর্মকর্তা জানান, ঢাকা শহরের আরো একটি সমস্যা হলো ফিডার লাইনগুলোতে অতিরিক্ত চাপ। এ কারণে ভোল্টেজ সমস্যাও অব্যহত রয়েছে।