রাষ্ট্রপতিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে
ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রাষ্ট্রপতি অধ্যাপক ইয়াজউদ্দিন আহমেদকে উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে সিঙ্গাপুরে পাঠানো হচ্ছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব মোখলেসুর রহমান চৌধুরী বিডিনিউজকে জানান, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতিকে সিঙ্গাপুরে নেয়ার প্রস্তুতি চলছে।
রাষ্ট্রপতি শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে মঙ্গলবার সিএমএইচ’এ ভর্তি হন।
পাঁচ সদস্যের একটি মেডিক্যাল বোর্ড রাষ্ট্রপতির উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেয়ার পরামর্শ দিয়েছে।
এই বোর্ডের সদস্যরা হচ্ছেন--জেনারেল রব্বানী, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সিরাজ, ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যাপক সালাম, ব্রিগেডিয়ার জেনারেল মালেক (অবঃ) এবং প্রেসিডেন্টের ব্যক্তিগত চিকিৎসক কর্ণেল বাহার।
এদিকে অপর একটি সূত্র জানায়, রাষ্ট্রপতিকে সিঙ্গাপুর নেয়ার জন্য বিকেল ৫টায় একটি এয়ার এ্যাম্বুলেন্স ঢাকায় এসে পৌঁছবে।
