২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিশ্বকাপ ফুটবলে ওয়েন রুনির অনুপস্থিতিতে মাইকেল ওয়েনের উপর নির্ভর করছে ইংল্যান্ড

ইংল্যান্ডের স্ট্রাইকার ওয়েন রুনির অনুপস্থিতিতে বিশ্বকাপে সাফল্যের জন্য অপর তারকা স্ট্রাইকার মাইকেল ওয়েনের উপর নির্ভর করছে ইংল্যান্ড দল।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2006, 01:37 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

কোচ সভেন গোরান এরিকসন ওয়েন রুনির সুস্থতার ব্যাপারে আশাবাদী হলেও বিশ্বকাপের প্রথম পর্যায়ের খেলা চলাকালীন সময়েও রুনির সুস্থতা নিয়ে অনেকে সন্দিহান হয়ে পড়েছেন। খবর বিভিন্ন বার্তা সংস্থার।

এবারের বিশ্বকাপে গ্রুপ ‘বি’এ ইংল্যান্ডের প্রতিপক্ষ অন্যান্য দেশগুলো হলো প্যারাগুয়ে, ত্রিনিদাদ, টোবাগো এবং সুইডেন। ওয়েন রুনি বিহীন ইংল্যান্ড দলে মাইকেল ওয়েনের উপর এসব দেশের সাথে খেলার সময় বাড়তি চাপ কাজ করবে বলে ধারণা করা হচ্ছে।

তবে গোরান এরিকসনের জন্য আশার কথা যে, তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশগ্রহণকারী ওয়েনের চাপের মুখে লড়াই করার অদ্ভূত ক্ষমতা বছর বছর ধরেই প্রমাণিত হয়ে আসছে।

২৬ বছর বয়সী মাইকেল ওয়েন জানালেন, রুনির অনুপস্থিতি তার খেলার উপর বাড়তি কোনো চাপ সৃষ্টি করবে না। নিয়মিত জাতীয় দলে খেলা এবং বড় বড় ক্লাব যেমন চেলসি, ম্যানচেষ্টার ইউনাইটেড, আর্সেনাল, লিভারপুলের খেলোয়াড় হিসেবে তিনি চাপের মুখে ভেঙ্গে পড়েন না বলে জানালেন।

বর্তমান নিউ ক্যাসেল ইউনাইটেড-এর স্ট্রাইকার মাইকেল ওয়েন স্কুলে থাকাকালীন সময়েই বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহন করেন। জাতীয় দলের হয়ে এপর্যন্ত তিনি ৭৫টি ম্যাচে অংশ নিয়ে ৩৫টি গোল করেছেন।

“আমার প্রথম বিশ্বকাপে আমি গোল করেছি। প্রথম আন্তর্জাতিক ম্যাচ এবং লিভারপুলের প্রথম খেলায়ও আমি গোল করেছি। আমার খুব দৃঢ় বিশ্বাস যে বিশ্বকাপের প্রথম পর্যায়ের খেলায়ও আমি গোল করতে পারবো”- আত্মবিশ্বাসী মাইকেল জানালেন।

‘আমি দুঃশ্চিন্তা নিয়ে ঘুমাতে যাই না। আমি শুধু আয়তাকার গোল পোষ্টের মধ্যে কিভাবে বলটি ঢোকাবো সেই চিন্তাই করি’।

ইংল্যান্ডের পক্ষে গোল দেবার ক্ষমতা সম্পর্কে জানতে চাইলে ওয়েন জানান, আমাদের অন্তত পাঁচজন খেলোয়াড় রয়েছে যারা প্রকৃত পক্ষেই ম্যাচ উইনার। ওয়েন রুনি, ফ্যাঙ্ক ল্যাম্পার্ড, জেরার্ড, ডেভিড বেকহ্যাম এবং জো কোল- এরা যে কোনো সময়েই প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে উঠতে পারে।

২০০৫ সালের ডিসেম্বরে পা ভেঙ্গে গিয়ে বড় রকমের ইনজুরিতে পড়েছিলেন ওয়েন। তবে সুস্থ হয়ে উঠে বেশ কয়েকটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় অংশগ্রহণ করে ওয়েন এখন নিজেকে বিশ্বকাপের জন্য তৈরি করে নিয়েছেন।