২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূত্রাপুরে স্কুলছাত্র খুন, থানা ঘেরাও করে এলাকাবাসীর ৬ ঘন্টা বিক্ষোভ

সূত্রাপুরে এক স্কুলছাত্র খুনের ঘটনায় আইন শৃংখলা রক্ষা বাহিনী ব্যাবস্থা গ্রহণ না করার প্রতিবাদে শুক্রবার নগরীর সূত্রাপুর থানার সামনে শত শত এলাকাবাসী দিনব্যাপী প্রতিবাদ কর্মসূচী পালন করে এবং প্রায় ছয় ঘন্টা থানা ভবন ঘেরাও করে রাখে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2006, 08:52 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

এলাকাবাসীর অভিযোগ, কয়েক জন পুলিশ সদস্য ১১ বছর বয়সী পঞ্চম শ্রেণীর ছাত্র জিসান আহমেদের লাশ গুম করতে হত্যাকারীদের সহায়তা করে এবং ওই হত্যার ঘটনায় মামলা নথিভূক্ত করতে অস্বীকৃতি জানায়।

বিক্ষোভ কর্মসূচী চলাকালে পুলিশ এলাকাবাসীর কাছে ক্ষমা প্রার্থণা, হত্যা মামলা দায়ের এবং অভিযুক্ত সাত জনের মধ্যে তিন জনকে গ্রেপ্তার করে।

এলাকাবাসী বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বিক্ষোভ শুরু করে এবং শুক্রবার সকাল থেকে তা সংঘাতে রূপ নেয়।

বিক্ষোভ চলাকালে নারী ও শিশুসহ শত শত জনতা রাস্তায় নেমে পড়ে এবং পুলিশ ও হত্যাকারীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে।

তারা হত্যাকারীদের এবং হত্যার ঘটনায় অবৈধভাবে জড়িত পুলিশ সদস্যদের শাস্তি দাবি করে।

এলাকাবাসী জানায়, সূত্রাপুর থানা এলাকার ১০৫/২ বিসিসি রোডের মোটর মেকানিক মোহাম্মদ আনোয়ার হোসেনের ছেলে জিসান আহমেদ বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে নিখোঁজ ছিলো।

বালকটি নিখোঁজের পর তার পিতা ঘটনাটি সূত্রাপুর থানায় অবহিত করেন।

কিন্তু পুলিশ নিহতের বাসার কাছাকাছি একটি নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে তার লাশ উদ্ধার করে এবং পরিবারকে না জানিয়েই মিটফোর্ড হাসপাতালে ময়না তদন্তের জন্যে পাঠিয়ে দেয়।

জিসানের পরিবার পরে থানায় ওই নির্মানাধীন ভবনের মালিকের বিরুদ্ধে হত্যার অভিযোগ এনে মামলা দায়ের করতে যান। মামলায় তারা পুলিশ স্টেশনের এসআই আবদুল্লাহ ও ডিউটি অফিসার আঙ্গুরি আক্তার সীমার বিরুদ্ধে হত্যাকান্ডে সহায়তা করার অভিযোগ আনেন। কিন্তু পুলিশ তাদের অভিযোগ মামলা হিসেবে নিতে অস্বীকৃতি জানায়।

এতে স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে শুক্রবার সকাল থেকে থানার সামনে বিক্ষোভ দেখায়। এবং জুম্মার নামাজের পর শত শত মানুষ সমবেত হয়ে থানা ঘেরাও করে।

এক পর্যায়ে এডিসি আশরাফসহ পুলিশের উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান এবং উত্তেজিত জনতার কাছে ক্ষমা চেয়ে মামলা নেওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এছাড়াও তারা অভিযুক্তদের গ্রেফতার ও দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্ঞা গ্রহণের প্রতিশ্রুতি দেন।

সূত্র জানায়, জিশানের পিতা ওই নির্মানাধীর বাড়ির মালিক আলমগীর হোসেন তার স্ত্যী তাসলিমা, ভাই ফিরোজ ও সাহাবুদ্দিন এবং আমীর হোসেন ও রফিক নামে আরও দুই জনের বিরুদ্ধে হত্যা মামলা এবং দুই পুলিশ সদস্যের বিরুদ্ধে এফআইআর দাখিল করেন।

এদিকে পুলিশ আলমগীর হোসেন, তাসলিমা ও ফিরোজকে গ্রেফতার করেছে।

গ্রেফতারের পর স্থানীয়রা সন্ধায় তাদের ঘেরাও তুলে নেয়। তবে এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।