ইসলামী বিশ্ববিদ্যালয়ে গণনিয়োগ: বিজ্ঞাপিত ৫৩ টি পদে ৮৮ জনকে নিয়োগ
ইসলামী বিশ্ববিদ্যালয়ের বহুল আলোচিত নিয়োগ্র প্রক্রিয়া শুক্রবার বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ১৯০ তম সভায় অনুমোদনের মাধ্যমে শেষ হয়েছে।
এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন শাখা ও প্রশাসনিক দপ্তরে ৫৩ টি বিজ্ঞাপিত পদের বিপরীতে ৮৮ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
সিন্ডিকেট সভা বৃহস্পতিবার বিকেল তিনটায় শুরু হয়ে ওই দিন রাত ১০ টা পর্যন্ত চলে পরদিন শুক্রবার সকাল ৯ টায় শুরু হয়ে দুপুর ১২ টায় শেষ হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্রদল কোটায় ২০ জন, ছাত্র শিবির কোটায় ১০ জন, মুক্তিযোদ্ধা কোটায় ১০ জন এবং বাকী ৪৮ টি পদে উপাচার্যের ঘনিষ্ট লোকদের নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বিজ্ঞাপিত পদের সংখ্যা ৫৩ টি হলেও নিয়োগ দেওয়া হয়েছে ৮৮ জনকে। এরমধ্যে সেকশন অফিসার পদে বিজ্ঞাপিত ৩ টির বিপরীতে ৬ টি, উচ্চমান সহকারী পদে ১ টির বিপরীতে ৪ টি, হিসাবরক্ষক পদে ১ টির বিপরীতে ৩ টি, গ্রন্থাগার শার্টার পদে ৪ টির বিপরীতে ১০ টি এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী পদে বাকী ৬৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এদিকে প্রায় ৯ কোটি টাকার বাজেট ঘাটতি সত্তেও জোট সরকারের শেষ সময়ে এ ধরনের গণনিয়োগ দেওয়ায় বিশ্ববিদ্যালয় চরম আর্থিক সংকটের মুখে পড়বে বলে আশংকা করা হচ্ছে।
গণনিয়োগের বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ বলেন, উপাচার্য আমাদের বঞ্চিত করেছেন। তিনি এ নিয়োগের মাধ্যমে একটি বিশেষ উদ্দেশ্য বাস্তবায়ন করেছেন। একারণে ক্যাম্পাসে কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ঘটলে তিনিই দায়ী থাকবেন।
ছাত্রদল সভাপতি মোমিনুর রহমানও প্রায় একই রকম মন্তব্য করেন।
ছাত্র শিবির সভাপতি আবুল কালাম আজাদ তাদের দলীয় কোটা পূরণ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন।
অন্যদিকে ছাত্রলীগ সভাপতি শাহীনূর আলম কেরামত বলেন, উপাচার্য এ নিয়োগের মাধ্যমে প্রায় ২ কোটি টাকার বাণিজ্য করেছেন।
এ ব্যাপারে উপাচার্য অধ্যাপক এম রফিকুল ইসলামের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। উপাচার্যের কার্যালয়ে যোগাযোগ করা হলে বর্তমানে তিনি রাজশাহীতে অবস্থান করছেন বলে জানানো হয়।
