রাজশাহীতে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
রাজশাহীর বাঘায় শুক্রবার ভোরে পুলিশের ক্রসফায়ারে পান্না বাহিনীর সামরিক কমান্ডার নিহত হয়েছে। এ ঘটনায় বাঘা থানার এসআই ফজলু ও এএসআই সবুর আহত হয়েছেন।
নিহত সামরিক কমান্ডারের নাম জহুরুল ওরফে কিলার জহুর (৪০)। সে বাঘা উপজেলার করালি নওশারা চরের সুলতানপুর গ্রামের নুজরত আলীর ছেলে।
পুলিশ জানায়, জহুরুলকে বৃহস্পতিবার নাটোরের লালপুর থেকে গ্রেপ্তার করা হয়।
জহুরুলের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য পদ্মার চরের কাছে ব্যাঙ্গারিহাট এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা জহুরুলের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় জহুরুল পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করেছে।
পুলিশ জানায়, নিহত জহুরুলের বিরুদ্ধে চারটি হত্যাসহ আটটি মামলা রয়েছে।
