বরিশালে বিআরটিসি’র বাস বন্ধ : চেয়ারম্যান, ডিসিসহ ৭ জনকে আদালতের শোকজ
বরিশালের একটি আদালত জেলায় বিআরটিসি ডিপো’র বাস বন্ধ রাখা কেন অবৈধ ঘোষণা করা হবে না এ মর্মে কারণ দর্শানোর জন্য বিআরটিসি’র চেয়ারম্যান এবং বরিশাল জেলা প্রশাসকসহ সাতজনকে নোটিশ প্রদান করেছে।
বরিশাল সদর সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক আতোয়ার রহমান বৃহস্পতিবার এই আদেশ প্রদান করেন। আদেশে নোটিশ প্রাপ্তির সাতদিনের মধ্যে এর জবাব দিতে বলা হয়েছে।
নোটিশ প্রাপ্ত অপর পাঁচজন হলেন - ডিপো ম্যানেজার, বরিশাল-পটুয়াখালী মিনিবাস মালিক সমিতির সভাপতি, সাধারণ সম্পাদক, বরিশাল জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি এবং সাধারণ সম্পাদক।
বরিশাল নগরীর বিএম স্কুল রোডের বাসিন্দা এ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন ১৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন।
তিনি তার আর্জিতে উল্লেখ করেন, বেসরকারি বাস মালিকরা ঈর্ষান্বিত হয়ে পরিবহন ধর্মঘটের নামে যাত্রীদের জিম্মি করে তারা একচেটিয়া ব্যবসা করার জন্য বিআরটিসি বাস চলাকালে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছে।
দক্ষিণাঞ্চলে পরিবহন মালিকদের লাগাতার পরিবহন ধর্মঘটের কারণে গত ৩ মে থেকে বরিশাল ডিপো’র ১১টি রুটে ১৮টি বাস চলাচল বন্ধ হয়ে যায়।
