রাজশাহীতে ওয়াকার্স পার্টি নেতার বাড়িতে শক্তিশালী বোমা বিস্ফোরণ
রাজশাহীর পবা থানা ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক ওমর ফারুকের বাড়ির দরজায় ফেলে রাখা একটি শক্তিশালী বোমা স্থানীয় বাসিন্দারা বিস্ফোরণ ঘটিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওমর ফারুক বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কেষ্টপুর এলাকায় তার বাড়ির দরজা খুলে দরজার সামনে একটি বোমা পড়ে থাকতে দেখে। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে বোমাটি দরজা থেকে তুলে পাশের নরম মাটিতে ছুঁড়ে ফেললে তা বিকট শব্দে বিস্ফোরিত হয়। এসময় এলাকায় আতংক ছড়িয়ে পড়ে। বিকেলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
ঘটনার বিষয়ে ওমর ফরুক বলেন, আমাকে সপরিবারে হত্যার জন্যেই বোমাটি বাড়ির দরজায় রেখে যাওয়া হয়।
ওয়াকার্স পার্টির পলিট ব্যুরো সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, এটি পরিকল্পিত সন্ত্রাস, বিরোধী দল তথা ওয়াকার্স পার্টির প্রতি প্রতিহিংসার বশে বোমাটি ওমর ফারুকের বাড়ির দরজায় ফেলে রাখা হয়।
