এইচএসসি পরীক্ষা: যশোরে একটি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ছাড়াই পরীক্ষা গ্রহণ সম্পন্ন
দায়িত্বপ্রাপ্ত পরিদর্শক ছাড়াই বৃহস্পতিবার এইচএসসির বাংলা প্রথম পত্র পরীক্ষা গ্রহণ সম্পন্ন হয়েছে যশোরের বাঘারপাড়া পাইলট হাইস্কুল কেন্দ্রে। দুটি কলেজের শিক্ষকদের দ্বন্দ্বের কারণে এ পরিস্থিতি সৃষ্টি হয় বলে জানা গেছে। কেন্দ্র সচিব বাইরে থেকে অন্য শিক্ষক এনে এই পরীক্ষা নেয়ার ব্যবস্থা করেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষার দিন বাঘারপাড়া মহিলা কলেজের শিক্ষার্থীদের ওপর বাড়তি কড়াকড়ি আরোপ করেন বাঘারপাড়া ডিগ্রি কলেজের শিক্ষকরা-- এই অভিযোগ এনে মহিলা কলেজের শিক্ষকরা বাংলা প্রথম পত্র পরীক্ষার দিন ডিউটিতে আসবেন না বলে কেন্দ্র সচিবকে জানিয়ে দেন। এ অবস্থায় কেন্দ্র সচিব বাঘারপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ইকবাল কবির বাইরে থেকে দ্রুত অন্য শিক্ষক এনে পরীক্ষা গ্রহণ করেন।
বিষয়টি বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জহুরুল হক স্বীকার করে বলেন, বৃহস্পতিবার বিকেলে দু’কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের নিয়ে তিনি সমঝোতা বৈঠকে বসবেন।
