২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাবি শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশের গুলিতে আহতদের চিকিৎসার ব্যয়ভার বহনে সাহায্যের আবেদন জানিয়েছেন

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকরা পুলিশের গুলিতে নিহত শামীমের পরিবারকে সাহায্য এবং আহত রাজীব কুমার বসাক ও নিলয় চন্দ্র সরকারের চিকিৎসার ব্যয়ভার বহনে সমাজের সর্বস্তরের মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 May 2006, 07:01 PM

Updated : 26 Apr 2022, 03:40 PM

বিশ্ববিদ্যালয় প্রশাসনের বর্তমান অচলাবস্থায় চিকিৎসার অর্থ আদায় অনিশ্চিত এ কারণে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ব্যাপারে শাবিপ্রবি সোনালী ব্যাংক শাখায় একটি চিকিৎসা সহায়তা তহবিল খোলা হয়েছে। সঞ্চয়ী হিসাব নম্বর ৬৫৭৯।

শিক্ষার্থীরা জানান, চিকিৎসার জন্যে প্রায় ১০ লাখ টাকা প্রয়োজন হতে পারে। 

নিলয় চন্দ্র সরকার এবং রাজীব কুমার বসাক বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। নিলয় ৩২ নম্বর ওয়ার্ডে এবং রাজীব ৩৯ নম্বর কেবিনে রয়েছে। তাদের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। 

বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতিতে বিকেল সাড়ে ৩টায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা এ সাহায্যের আবেদন জানান। সংবাদ সম্মেলনে শিক্ষক সমিতির পক্ষ থেকে ঘটনার বিচার বিভাগীয় তদন্ত করে দোষী পুলিশদের শাস্তি এবং বর্তমানে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয়ে। এছাড়া উপাচার্যের বাসভবনে আগুন দেওয়ায় উস্কানিদাতাদের শাস্তির দাবি করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সদস্য এবং ব্যবসা প্রশাসন বিভাগের শিক্ষক খায়রুল ইসলাম রুবেল, ফরেস্ট্রি বিভাগের প্রভাষক মোহাম্মদ রেদওয়ান, টি টেকনোলোজি বিভাগের প্রভাষক জিএম রবিউল ইসলাম, বায়ো - টেকনোলোজি বিভাগের প্রভাষক শাহ নূর হোসাইন, অর্থনীতি বিভাগের প্রভাষক মাসুদ আলম এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ২০/২৫ জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

এর আগে সকালে তারা অপরাজেয় বাংলার সামনে মানববন্ধন করে।

সংবাদ সম্মেলনে শিক্ষক খায়রুল ইসলাম রুবেল বলেন, যেহেতু বিশ্ববিদ্যালয়ে এখন উপাচার্য নেই এবং গ্রীষ্মকালীন ছুটির  জন্যে বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে তাই আহতদের চিকিৎসার ব্যয়ভার বহন করতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

তিনি আরো জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির এক সভায় ইতোমধ্যেই সকল শিক্ষকের একদিনের বেতন নিহতের পরিবারের ক্ষতিপূরণ এবং আহতদের চিকিৎসার জন্যে দেওয়া হবে বলে সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অপরদিকে, প্রগতিশীল ছাত্রজোট শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ঘটনায় দায়ী পুলিশের ফাঁসি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও করতে গেলে পুলিশ তাদের দোয়েল চত্বরে বাধা দেয়। পরে তারা সেখানে এক বিক্ষোভ সমাবেশ করে। সেখানে বক্তব্য রাখেন খালেকুজ্জামান লিপন, শামসুল আলম সজ্জন।