কানসাটে হতাহতের ক্ষতিপূরণের অর্থ চাঁপাইনবাবগঞ্জ পৌঁছেছে; সমঝোতা চুক্তির শর্ত পূরণ না হলে নেয়া হবে না: রব্বানী
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসাটে বিদ্যুৎ আন্দোলনকানীদের ওপর কয়েক দফায় পুলিশের গুলি এবং হামলায় নিহতদের পরিবার ও আহতদের জন্যে সরকারের অঙ্গীকারকৃত ৮৩ লাখ টাকা রোববার জেলা প্রশাসকের হাতে পৌঁছেছে। তবে সমঝোতা চুক্তির অন্যান্য শর্ত পূরণ না হলে এ অর্থ গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী।
বিদ্যুতের দাবিতে কানসাটে দীর্ঘ আন্দোলনের পর ১৬ এপ্রিল সরকার গঠিত সমঝোতা সমন্বয়ক কমিটি ও সংগ্রাম পরিষদের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে নিহতদের পরিবারকে দুই লাখ টাকা, অধিক গুরুতর আহত (চোখে আঘাতপ্রাপ্ত) একজনকে এক লাখ টাকা, গুরুতর আহতদের ৫০ হাজার টাকা, অধিক আহতদের ২৫ হাজার টাকা এবং সাধারণ আহতদের তিন হাজার টাকা করে দেওয়াসহ ১৪টি দাবি পূরণের অঙ্গীকার করে চুক্তি সম্পাদিত হয়।
এর পরিপ্রেক্ষিতে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন, শিবগঞ্জের ইউএনও এবং পল্লী বিদ্যুৎ উন্নয়ন সংগ্রাম পরিষদের আহ্বায়ককে নিয়ে গঠিত কমিটি নিহত--আহতদের চূড়ান্ত তালিকা তৈরি করে। তালিকায় নিহত ১৭জনসহ অধিক গুরুতর আহত একজন, গুরুতর আহত ১০জন, অধিক আহত ১০০ এবং সাধারণ আহত ৬০০জন রয়েছে। এদের ক্ষতিপূরণ বাবদ ওই ৮৩ লাখ টাকা সরকার জেলা প্রশাসকের কাছে প্রদান করেছে।
এ ব্যাপারে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ফেরদৌস আলম জানান, সরকারের অঙ্গীকারকৃত ক্ষতিপূরণের টাকা জেলা প্রশাসনের কাছে রক্ষিত আছে। সংগ্রাম পরিষদ যেখানে যখন খুশি, গ্রহণ করতে পারে।
এদিকে চুক্তির বিশেষ কয়েকটি শর্ত এখন পর্যন্ত পূরণ না হওয়ায় ক্ষতিগ্রস্তদের এ টাকা গ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
সংগ্রাম পরিষদের আহ্বায়ক গোলাম রব্বানী বলেছেন, আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার না করা হলে এ টাকা আমরা গ্রহণ করবো না।
অনেক ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য জানিয়েছেন, সংগ্রাম পরিষদের সিদ্ধান্ত অনুযায়ীই টাকা গ্রহণ করা হবে।
