রাজধানীতে পুলিশের ক্রসফায়ারে সন্ত্রাসী নিহত
রাজধানীর শ্যামপুর থানার গোসাইবাড়ীর জিওমন্দিরের দক্ষিণ দিকে বুধবার ভোরে পুলিশের ক্রসফায়ারে এক সন্ত্রাসী নিহত হয়েছে।
নিহত সন্ত্রাসীর নাম আজহারুল ইসলাম রিপন ওরফে টাক্কু রিপন। সে কেরানীগঞ্জের মিরেরবাগ এলাকার মনসুর আলীর ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ মঙ্গলবার মিরেরবাগ এলাকায় অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করে।
রিপনের দেয়া স্বীকারোক্তি অনুযায়ী পুলিশ তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধার এবং তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য জিওমন্দিরের কাছে পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা রিপনের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় রিপন পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করলে ক্রসফায়ারে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।
পুলিশ জানায়, রিপনের বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
