চাঁপাইনবাবগঞ্জে হেরোইনসহ ভারতীয় নাগরিক আটক
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কিরণগঞ্জ সীমান্তে বিডিআর মঙ্গলবার দুপুরে হেরোইনসহ অবৈধ অনুপ্রবেশেকারী এক ভারতীয় নাগরিককে আটক করেছে।
আটককৃত বিভীষন সিংহ (৩৫) ভারতের মালদা জেলার কালিয়াচক থানার দোস্তবিঘী গ্রামের আনন্দ সিংহের ছেলে ।
বিডিআর-এর ৬ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল লুৎফর রহমান জানান, দুপুর ১২টার দিকে বিভীষন ১৭৮ মেইন পিলারের ৮ নম্বর সাব পিলারের কাছ দিয়ে বাংলাদেশের ৫০ গজ ভিতরে প্রবেশ করে। এ সময় কিরনগঞ্জ বিওপি’র টহলরত বিডিআর জোয়ানরা তাকে আটক করে। এ সময় তার দেহ তল্লাশী করে ১’শ গ্রাম ওজনের ১ প্যাকেট হেরোইন উদ্ধার করা হয়।
আটক বিভীষনকে হেরোইনসহ শিবগঞ্জ থানায় সোপর্দ করা হয়েছে। এব্যাপারে বিডিআর বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশ ও মাদক দ্রব্য আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
