২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোটের ভোট কারচুপি ঠেকাতে হবে, ঐতিহ্য রক্ষা করে ছাত্রলীগকে এগিয়ে নিতে হবে সংগ্রাম: জয়

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বলেছেন, অতীতের ঐতিহ্য ধরে রাখতে ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে দেশের বর্তমান সংকট মোকাবিলায় এগিয়ে আসতে হবে। নির্যাতিত, শোষিত, বঞ্চিত জনগণের পাশে দাঁড়াতে হবে। এগিয়ে নিতে হবে চলমান আন্দোলন। তিনি জোট সরকারের ভোট কারচুপির ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য সংগঠনের নেতা -- কর্মীদের প্রতি আহ্বান জানান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2006, 02:12 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

ছাত্রলীগের নেতা - কর্মীদের সঙ্গে সোমবার আইডিইবি মিলনায়তনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি উন্নত সমৃদ্ধ ও আধুনিক বাংলাদেশ গড়তে মেধাবি নেতৃত্বের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। জয় বলেন, ছাত্রলীগের প্রতিটি নেতা কর্মীকে সুশিক্ষিত হবে হতে। তারাই যেনো আগামী দিনে যোগ্য নেতৃত্ব দিয়ে এ দেশকে বিশ্বের সঙ্গে পাল্লা দেওয়ার উপযোগি করে তুলতে পারে। 

তিনি বলেন, বিদ্যুত, গ্যাস, পানি, জ্বালানি সংকট এবং দ্রব্যমূল্যে অতিষ্ঠ দেশের মানুষ একবার অবাধে ভোট দেওয়ার সুযোগ পেলে জোটকে চিরতরে বিতাড়িত করবে। 

তিনি আরো বলেন, আমাদের সামনে এখন কঠিন সময়। বিএনপি - জামায়াত ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে আবারো ক্ষমতায় আসতে চায়। তাদের এই অভিসন্ধি প্রতিহত করতে হবে।  ঠেকাতে হবে ভোট কারচুপির সকল প্রক্রিয়া।

আওয়ামী লীগ ক্ষমতায় এলে আগামীতে øাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষা ছাড়াও এই খাতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হবে বলে তিনি উল্লেখ করেন।

জয় বলেন, বিশ্ব আজ অনেক এগিয়ে গেলেও বাংলাদেশ এখনো পিছিয়ে আছে। এই পিছিয়ে পড়া দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমার অনেক স্বপ্ন আছে। গত সময়কালে আওয়ামী লীগ দেখিয়েছে, কিভাবে দেশকে এগিয়ে নেওয়া যায়। আবারো ক্ষমতায় এলে সম্মিলিত উদ্যোগের মাধ্যমে আমরা দেশকে উন্নত ও আধুনিক করে সমৃদ্ধির পথে নিয়ে যাবো।

ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মাহমুদ হাসান রিপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার রোটনও বক্তব্য রাখেন।