ডেঙ্গুর প্রতিষেধক তৈরিতে আরও ৭ বছর সময় লাগবে
“ডেঙ্গু রোগের প্রতিষেধক নিয়ে বিশ্ববাসীর সামনে আসতে আর সাত বছর সময় লাগবে আমার।
ডেঙ্গু ভাইরাসের চার ধরনের প্রদাহের বিরুদ্ধে এ প্রতিষেধক কার্যকর ভূমিকা রাখবে”, বলছিলেন মার্কিন মূলুকের চিকিৎসা বিশেষজ্ঞ অধ্যাপক ডুয়ানে জে গাবলার।
হাওয়াই ভিত্তিক এশিয়া প্যাসিফিক ইনস্টিটিউট অব ট্রপিকাল মেডিসিন এন্ড ইনফেকসাস ডিজেজ ইউনিভার্সিটি’র অধ্যাপক গাবলার বিডিনিউজকে বলেন, প্রতিষেধকগুলো নিয়ে এ পর্যায়ে পরীক্ষা নিরীক্ষা চলছে এবং এভাবে বছর পাঁচেক লেগে যারে এরপর বিভিন্ন সংস্থার অনুমোদন পেতে আরও দু’বছর লাগবে। সব মিলিয়ে সাত বছরে আশা করি পৃথিবীর মানুষের জন্যে ডেঙ্গু ভাইরাসের চিকিৎসা সহজ হয়ে উঠবে।
তিনি জানান, বর্তমানে ৬ ধরনের প্রতিষেধক নিয়ে পরীক্ষা নীরিক্ষা চলছে কিন্তু এগুলোর কার্যকারিতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে সময় লাগবে।
এডিস জাতীয় মশা থেকে ডেঙ্গু রোগ ছড়ায়। এ মশা দিনের আলোতে কামড়ায়। গত কয়েক বছর ধরে বাংলাদেশে এ ভাইরাসের প্রাদুর্ভাবে শত শত মানুষ প্রাণ হারিয়েছে।
ডেঙ্গু ভাইরাস নিয়ে প্রায় ৩৫ বছর ধরে গবেষণা করে আসছেন গাবলার। তিনি বলেন, ৩০ বছর আগে সিঙ্গাপুরে একটি সেমিনারে এ প্রতিষেধক আবিস্কারের অঙ্গীকার করেছিলাম। সেই থেকে প্রচেষ্টা চলছে তবে আজও মনে হচ্ছে আরও কয়েক বছর সময় লাগবে।
এছাড়াও থাইল্যান্ডের মাহিডোল বিশ্ববিদ্যালয় ও ওয়াল্টার রিড আর্মি ইনস্টিটিউট অব রিসার্চ ডেঙ্গু ভাইরাস প্রতিষেধক নিয়ে গবেষণা করছে। এ প্রতিষেধক গবেষণায় বিল গেটস ফাউন্ডেশন ৫৫ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়েছে।
গবেষণায় প্রধান সমস্যা কোথায় এ প্রশ্নের জবাবে মার্কিন অধ্যাপক বলেন, প্রতিষেধকটি পরীক্ষা করতে প্রাণী দেহের কার্যকর ব্যবহার সম্ভব হয় না।
তার আবিস্কৃত প্রতিষেধকের দাম কত হতে পারে এ প্রশ্নের জবাবে গাবলার বলেন এখুনি অনুমান করা যাচ্ছে না তবে প্রতি ডোজ পাঁচ ডলার দাম নির্ধারণ করা হতে পারে। প্রতি রোগীর জন্যে দুই ডোজ ওষুধ প্রয়োজন হবে। তবে গবেষণা চলছে যাতে ১ ডোজ ওষুধেই কাজ হয়।
