২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারের সিদ্ধান্তহীনতায় সাড়ে ৪ বছরে ১৮০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের উদ্যোগ ভেস্তে গেছে

বর্তমান সরকারের সিদ্ধান্তহীনতার কারণে গত সাড়ে ৪ বছরে কমপক্ষে ১৮০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদনের উদ্যোগ ভেস্তে গেছে কিংবা বিলম্বিত বাস্তবায়ন প্রক্রিয়ায় ঝুলে আছে। আর এ কারণেই দেশের ইতিহাসে এবারের গ্রীষ্মে বিদ্যুত সংকট চরম আকার ধারণ করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2006, 02:18 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

এবারের পিক বিদ্যুত চাহিদা ৫২০০ মেগাওয়াট হলেও পিডিবি সর্বোচ্চ ৩৪০০ মেগাওয়াট সরবরাহ করতে পারছে।

উৎপাদনতো বাড়েইনি, বরং গত বছরের তুলনায় এবার কমপক্ষে ৪০০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন কম হচ্ছে। উৎপাদন আর চাহিদার মধ্যে ফারাক বেড়ে দাঁড়িয়েছে ১৮০০ থেকে ২০০০ মেগাওয়াট।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, এ অবস্থায় আগামী বছরও বড় কোনো নতুন বিদ্যুত কেন্দ্র উৎপাদনে আসার সম্ভাবনা নেই।

তারা বলেন, বিদ্যুত উৎপাদন প্রকল্প নিয়ে জোট সরকারের সিদ্ধান্তহীনতার শুরু ২০০১ সালের অক্টোবরে সরকার গঠনের পর থেকেই। আগের সরকারের চূড়ান্ত করে যাওয়া চুক্তি স্বাক্ষরের জন্যে অপেক্ষমান কয়েকটি উৎপাদন কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া স্থগিত করার মধ্য দিয়েই এর সূচনা হয়। এ ঘটনার প্রথম শিকার খুলনা ২১০ মোওয়াট বিদ্যুত কেন্দ্র।

একই সাথে ভেস্তে যায় ভোলায় ৫০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণের উদ্যোগ। বিদ্যুত প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ অবশ্য এর দায় অস্বীকার করে বলেছেন, এই কেন্দ্র যাতে না হয় তার আয়োজন আওয়ামী লীগই চূড়ান্ত করে রেখেছিল।

সরবরাহকারী ঋণ নিয়ে কোনো বিদ্যুত উৎপাদন কেন্দ্র করবে না এই ধরনের সরকারি সিদ্ধান্তের কারণেও অনেক প্রকল্প ঝুকির মুখে পড়ে। যদিও সরকার পরে আবার এই ধরনের ঋণ নেয়ার পক্ষে সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রীসভা কমিটি সিরাজগঞ্জে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুত কেন্দ্র যৌথ উদ্যোগে স্থাপনের আয়োজন চূড়ান্ত করার পর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে তা বাতিল হয়ে যায়। প্রকল্পটি বন্ধ হওয়ার ব্যাপারে সরকারিভাবে এখনো পর্যন্ত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। যথাসময়ে কাজ শুরু হলে কেন্দ্রটি এত দিনে উৎপাদন শুরু করতে পারতো।

সরকারের আরো একটি বড় উদ্যোগ ছিলো আরপিসিএল এর মালিকানায় ঢাকা নর্থ নামে ৪৫০ মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুত কেন্দ্র স্থাপন। এ জন্যে সুইস কোম্পানি অলস্টমের সাথে চুক্তিও হয়েছিল। অর্থায়ন করার কথা ছিল জার্মান দাতা সংস্থা কেএফডব্লিউ’র। কিন্তু অভ্যন্তরীন গোষ্ঠিগত স্বার্থ সংঘাতের জের ধরে তারা অর্থায়ন থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। পরে এই প্রকল্পে অর্থায়ন করতে ইসলামী উন্নয়ন ব্যাংক সম্মত হয়। তবে সর্বশেষ সরকারের জেনারেশন তালিকায় এ প্রকল্পের কোনো স্থান নেই।

মেঘনাঘাট ২য় পর্যায় ৪৫০ মেগাওয়াট কেন্দ্রের জন্যে অনেক সিদ্ধান্তহীনতার পর উদ্যোক্তা নির্বাচন চূড়ান্ত করে বিদ্যুত ক্রয় চুক্তি স্বাক্ষরের পর পুরো আয়োজন থমকে আছে। ৪৫০ মেগাওয়াট ক্ষমতার মেঘনাঘাট ৩য় পর্যায়ে কাজ বিনা দরপত্রে একটি কোম্পানিকে দেওয়া নিয়ে মাঝে খুব তোড়জোড় চললেও এখন তার আর কোনো খবর নেই।

এর বাইরে সিদ্ধান্তহীনতার কারণে তিন বছর পিছিয়ে গেছে সিলেট ৯০ মেগাওয়াট ক্ষমতার বিদ্যুত কেন্দ্র নির্মাণের কাজ। বন্ধ হয়ে পড়েছে শম্ভুগঞ্জের ৭০ মেগাওয়াট তৃতীয় পর্যায়ের নির্মাণ কাজ।

ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র স্থাপন করে আরইবি’র সাফল্যের পর একই ধরনের আরো ১০টি প্রকল্প আওয়ামী লীগ সরকার উদ্যোক্তা নির্বাচন চূড়ান্ত করেছিল। কিন্তু পরে তা আর এগোয়নি। এখন একই ধরনের ক্ষুদ্র বিদ্যুত কেন্দ্র স্থাপন নিয়ে সরকারের পাওয়ার সেল কাজ করছে। কিন্তু বর্তমান সরকারের আমলে তা চূড়ান্ত হবে না বলে কর্মকর্তারা জানিয়েছেন।

চার বছর সিদ্ধান্তহীনতায় কাটিয়ে বার্জ, ট্রেলর মাউন্টেড বিদ্যুত কেন্দ্র স্থাপনের উদ্যোগ নিয়ে তিনটি প্রকল্প সম্প্রতি অনুমোদিত হলেও এখনো কোনো চুক্তি হয়নি। ফলে কর্মকর্তারা বলেন, এগুলো থেকেও বর্তমান সরকারের সময়কালে বিদ্যুত পাওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।

সরকারের সর্বশেষ পরিকল্পনা অনুসারে ২০১২ সালের মধ্যে নতুন ২৬টি প্রকল্প থেকে ৬২৯০ মেগাওয়াট বিদ্যুত উৎপাদন হওয়ার কথা। এর মধ্যে পাবলিক সেক্টরে ৩৩৫০ মেগাওয়াট এবং প্রাইভেট সেক্টরে ২৯৪০ মেগাওয়াট।

ওই প্রকল্পগুলোর মধ্যে বড়পুকুরিয়া কয়লা বিদ্যুত কেন্দ্র ২৫০ মেগাওয়াট গত মাসে উৎপাদনে এসেছে। বাকিগুলোর মধ্যে ফেঞ্চুগঞ্জ ৯০ মেগাওয়াট কেন্দ্র নির্মাণে চুক্তি স্বাক্ষর হয়েছে। সিদ্ধিরগঞ্জ ২৪০ মেগাওয়াট পিকিং প্লান্ট নির্মাণের টেন্ডার মূল্যায়নের পর্যায়ে আছে। মেঘনাঘাট ৪৫০ মেগাওয়াট ২য় পর্যায়ের বিদ্যুত কেনার চুক্তি হয়েছে। মাত্র চারটি প্রকল্প বর্তমানে দরপত্র আহ্বান পর্যায়ে আছে। আর বাকিগুলোর কোনো অগ্রগতি নেই।