সিরাজগঞ্জে দুর্ঘটনায় নিহত ৫
সিরাজগঞ্জে বঙ্গবন্ধু যমুনা সেতুর (পশ্চিম) সংযোগ সড়কের পাঁচলিয়ার আলোকদ্বিয়ায় রোববার সকালে সড়ক দুর্ঘটনায় পাঁচ জন নিহত ও তিনজন আহত হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বরযাত্রী বোঝাই একটি টেম্পো কনের বাড়ি থেকে ফেরার পথে ঢাকা থেকে বগুড়াগামী একটি দ্রুতগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে টেম্পোটি খাদে পড়ে যায়।
ঘটনাস্থলেই চার জন নিহত হয়। নিহতরা হলেন সলঙ্গা থানার এড়ানদহ গ্রামের টেম্পো চালক নুর ইসলাম (২৫), সিরাজগঞ্জ পৌর এলাকার রায়পুর মহল্লার আব্দুল মালেকের পুত্র বুলবুল (১৮), এবং নুরুল হকের পুত্র আব্দুল মমিন (১৮), মালশাপাড়া গ্রামের আব্দুল মজিদের পুত্র মুরাদ (২৫), ও মাছিমপুর এলাকার বাহার আলম (৬৫)।
বর মাহবুবুল কবির, কনে মমতা এবং কনের দাদী মজিলা খাতুন (৭০) কে সিরাজগঞ্জ সদর হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
পুলিশ নিহতদের লাশ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ট্রাকটিকে আটক করলেও ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।
