২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলে ৩০ বাংলাদেশী নির্বাচিত

লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ১৭টি ওয়ার্ডে এবার সর্বমোট ৩০ জন বাংলাদেশী প্রার্থী নির্বাচিত হয়েছেন। এর আগের মেয়াদে নির্বাচিত মোট বাংলাদেশী ছিলেন মাত্র ১৭ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 May 2006, 08:40 PM

Updated : 26 Apr 2022, 03:38 PM

অধিকাংশ বাংলাদেশীর বাসস্থান লন্ডনের টাওয়ার হ্যামলেট কাউন্সিল স্পাইটাফিল্ড, বাংলাটাউন, হোয়াইটচ্যাপেল এবং শ্যাডওয়েল নিয়ে গঠিত। টাওয়ার হ্যামলেটে এ বিজয় রেসপেক্ট পার্টির জন্যেও একটি রেকর্ড। রেসপেক্ট পার্টি যুদ্ধবিরোধী দৃষ্টিভঙ্গির জন্যে বাংলাদেশীদের কাছে জনপ্রিয়তা পায়।

বৃহস্পতিবারের নির্বাচনে রেসপেক্ট পার্টির ১২ জন প্রতিদ্বন্দ্বী বিজয়ী হয়েছেন। ইরাকযুদ্ধের বিপক্ষে তাদের অবস্থান।

অন্যদিকে লেবার পার্টি এখানে ২৬টি আসন পেয়েছে। এর আগে এখানে তারা ৩১টি আসনে জিতেছিল। কনজারভেটিভ ও লিবার‌্যাল ডেমোক্র্যাটরা পেয়েছে যথাক্রমে সাত এবং ছয়টি আসন।

টাওয়ার হ্যামলেটে এর আগের নির্বাচনে কনজারভেটিভ ও লিবার‌্যাল ডেমোক্র্যাটরা পেয়েছিল যথাক্রমে একটি ও ১৫টি আসন।

কাউন্সিল নির্বাচনে টাওয়ার হ্যামলেট থেকে মোট নির্বাচিত বাংলাদেশী কাউন্সিলরদের মধ্যে টনি ব্লেয়ারের লেবার পার্টি থেকে নির্বাচিত হয়েছেন ১৫ জন, রেসপেক্ট পার্টি থেকে ১২ জন এবং লিবার‌্যাল ডেমোক্র্যাট থেকে তিনজন।

সর্বমোট ২০০ ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিল নির্বাচনে অংশ নেন।