প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে লালবাগে বিএনপি ক্যাডাররা গণ চাঁদাবাজি করেছে: আওয়ামী লীগ
লালবাগে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে বিএনপি ক্যাডাররা এলাকায় ব্যাপক চাঁদাবাজি করেছে বলে লালবাগ আওয়ামী লীগ নেতারা অভিযোগ করেছেন।
তারা আরো অভিযোগ করে বলেছেন, পুলিশ ও র্যাব সদস্যরা গত তিন ধরে আওয়ামী লীগ নেতাকর্মীদের ধরতে ব্যাপক অভিযান চালিয়েছে। তারা ঘরে ঘরে ঢুকে আওয়ামী লীগ নেতা কর্মীদের খোঁজ করেছে।
পুলিশ বৃহস্পতিবার সকাল থেকেই হাজী সেলিমের বাসভবন ঘেরাও করে রাখে বলে অভিযোগ করেন তারা।
লালবাগ থানার ডিউটি অফিসার আব্দুল মতিন চাঁদাবাজির ঘটনা অস্বীকার করেন।
তিনি বিডিনিউজকে বলেন, আমরা গণ চাঁদাবাজির ব্যাপারে কোনো অভিযোগ পাইনি।
তবে র্যাব বুধবার রাতে লালবাগ এলাকায় সন্ত্রাসীদের ধরতে ব্যাপক অভিযান চালিয়েছে বলে স্বীকার করেছে।
আওয়ামী লীগ নেতারা অভিযোগ করে বলেন, লালবাগ, হাজারীবাগ, কামরঙ্গীর চর এলাকা থেকে বিএনপি ক্যাডাররা স্থানীয় ও ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে অর্থ আদায় করে তা দিয়ে প্রায় ৪০০ তোরণ নির্মাণ করে।
স্থানীয় ব্যাবসায়ী, কল কারখানাসহ এলাকার জনগণের কাছ থেকে জোর করে ওই টাকা আদায় করা হয়।
এছাড়া ঘোড়া শহীদ রোডে বিএনপি ক্যাডাররা একটি ঐতিহাসিক বটগাছও কেটে ফেলে।
