বিদ্যুতের দাবিতে গাজীপুরের ডুয়েটে বিক্ষোভ, ভাংচুর
ঘন ঘন লোডশেডিয়ের প্রতিবদে বুধবার রাতে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শিক্ষক কর্মচারীদের আবাসিক ভবন এবং অতিথিশালা ভাংচুর করেছে।
বিদ্যুতের দাবিতে শিক্ষার্থীরা বৃহস্পতিবার দুপুরেও ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।
বিক্ষোভকারী শিক্ষার্থী সূত্র জানায়, আগামী ৮ মে থেকে সকল বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা শুরু হবে। লোডশেডিংয়ের কারণে তারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারছেন না।
বুধবার বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিদ্যুতের দাবিতে একযোগে রাত সাড়ে ১১টায় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শিক্ষক কর্মচারীদের আবাসিক ভবন ও অতিথিশালার জানালার কাঁচ ভাংচুর করে। পরে ছাত্রদের একটি অংশ লাঠি ও ইটপাটকেল নিয়ে ভুরুলিয়া এলাকায় অবস্থিত পল্লী বিদ্যুতের উপকেন্দ্রের উদ্দেশে রওনা দিলে ছাত্রসংসদ নেতৃবৃন্দ তাদের শান্ত করে ক্যাম্পাসে ফিরিয়ে আনে। এসময় বিক্ষুব্ধ ছাত্ররা ক্যাম্পাসে ফিরে ভিসির বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ দেখায়।
এ ব্যাপারে আন্দোলনকারী ছাত্ররা জানান, প্রায় দুই মাস আগে পল্লী বিদ্যুতের সঙ্গে উপাচার্যের বৈঠকে পিক আওয়ারে এক ঘন্টা লোডশেডিং দেওয়ার মৌখিক চুক্তিতে সমঝোতা হয়। কিন্তু উপাচার্যের দুর্বলতার কারণে এর বাস্তবায়ন হয়নি।
উপাচার্য অধ্যাপক ড. আনোয়ারুল য়াজীমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, ছাত্রদের ক্ষোভের যথেষ্ট কারণ আছে, আবার বাস্তবতাও বুঝতে হবে।
তিনি আরো বলেন, আগামী কয়েকদিনের মধ্যে লোড শেডিংয়ের সময় রাতে নিজস্ব ব্যবস্থাপনায় জেনারেটরের মাধ্যমে প্রতিটি কক্ষে একটি টিউববাতি জ্বালানোর বিদ্যুত সরবরাহ করা হবে।
অপরদিকে গাজীপুর পল্লী বিদ্যুতের এজিএম মো: ফসিউল হক জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার দুপুর আড়াইটা থেকে ডুয়েটের জন্যে অতিরিক্ত লোড বরাদ্দ দেওয়া হয়েছে। ফলে সমস্যা অনেকটা কমে যাবে।
