ডব্লিউএফপি প্রতিবছর বাংলাদেশের ৫০ লাখ লোকের খাদ্য নিরাপত্তা দেবে
জাতিংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) প্রতিবছর বাংলাদেশের ৫০ লাখ মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
ডব্লিউএফপি এ কর্মসূচির অধীনে বাংলাদেশের যেসব এলাকায় অতি দরিদ্র মানুষ বাস করে সেসব এলাকায় শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচি বাস্তবায়ন করছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানানো হয়।
বর্তমানে এ কর্মসূচিতে বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়ের সাত লাখ শিশুর প্রত্যেকের জন্য মাথাপিছু বাৎসরিক ১৩০০ টাকা ব্যয় করা হচ্ছে।
প্রতিদিন বিদ্যালয়ে শিশুদের ৭৫ গ্রামের পুষ্টিকর বিস্কুট দেওয়া হয়। এ বিস্কুটে আছে ৩০০ কিলো ক্যালরি। প্রতিটি শিশুর প্রতিদিনের ৭৫ ভাগ পুষ্টি নিশ্চিত হয় এ বিস্কুটের মাধ্যমে।
এর ফলে শিশুদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ বাড়ছে এবং তাদের ঝরে পড়ার হার হ্রাস পাচ্ছে। একইসাথে তাদের শরীরের পুষ্টির চাহিদাও মিটছে।
এছাড়া ডব্লিউএফপি প্রশিক্ষণের মাধ্যমে পুষ্টি সম্পর্কে বাংলাদেশের জনগণকে সচেতন করে তুলছে, যাতে করে তারা ক্ষুধা, দারিদ্র্য এবং অপুষ্টির ফাঁদ থেকে বেরিয়ে আসতে পারে।
