পাবনায় বিএনপি-আওয়ামী লীগ সংঘর্ষে ১০ জন আহত
পাবনা শহরের টেবুনিয়ায় বুধবার সন্ধ্যায় স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ নেতা--কর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছে।
আহতদের মধ্যে টিপু খান (৩৫) ও বাবুল খান (৪৫) নামে দুজনকে গুরুতর অবস্থায় পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেবুনিয়া বাজারে বিএনপি ও আওয়ামী লীগ নেতা--কর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হয়। আহতদের মধ্যে পাঁচজনকে প্রাথমিক চিকিৎসা এবং টিপু খান ও বাবুল খান নামে গুরুতর আহত দুজনকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুনরায় সংঘর্ষের আশংকায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
