ধর্মঘট প্রত্যাহার হতে পারে; বৃহস্পতিবার জ্বালানি তেল ব্যবসায়ীদের সঙ্গে জ্বালানি মন্ত্রণালয়ের বৈঠক
৮ মে থেকে অনির্দিষ্টকালের জন্য ডাকা পেট্রোল পাম্প ধর্মঘট নিয়ে মুখোমুখী অবস্থান থেকে সরে এসে জ্বালানি তেল ব্যবসায়ীরা ও জ্বালানি মন্ত্রণালয় বৃহস্পতিবার বৈঠকে বসতে যাচ্ছে।
পেট্রোল পাম্প মালিক সমিতি ৭-দফা দাবি আদায়ের লক্ষ্যে এই ধর্মঘট আহ্বান করে।
সূত্র জানায়, মালিক সমিতির অন্যতম দাবি বর্ধিত কমিশন দেয়ার লক্ষ্যে সরকার ইতোমধ্যেই প্রজ্ঞাপন জারি করেছে।
ফলে বৃহস্পতিবার সকালে জ্বালানি উপদেষ্টার সাথে সমিতির নেতাদের বৈঠক শেষে ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত হতে পারে।
এদিকে ধর্মঘটকারীদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হবে না এই মর্মে বুধবার জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে পেট্রোল পাম্প মালিক সমিতিকে উকিল নোটিশ পাঠানো হয়েছে।
জ্বালানি উপদেষ্টা মাহমুদুর রহমান সাংবাদিকদের জানান, আগামী রোববার আদালতে এই নিয়ে মামলা করা হবে। তিনি বলেন, এরপরও কোনো পাম্প মালিক ধর্মঘটে গেলে তাদের লাইসেন্স বাতিল করা হবে।
অবশ্য এর আগে উপদেষ্টা সাংবাদিকদের জানান যে, সরকার পাম্প মালিকদের সকল দাবি মেনে নিয়েছে। তারা সুযোগ নিয়ে সকলকে জিম্মি করছে। এটা চলতে দেয়া যায় না।
বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে পেট্রোল পাম্প মালিক সমিতির সভাপতি নাজমুল হক বলেন, আমাদের দাবি সরকার মেনে নেয়নি।
তিনি বলেন, ধর্মঘটে যাওয়া তাদের আইনগত অধিকার। সরকার আইনী লড়াইয়ে নামলে তারাও সেই পথ বেছে নেবেন।
লাইসেন্স বাতিল করা প্রসঙ্গে নাজমুল হক বলেন, ধর্মঘটে যাওয়ার কারণে সরকার আমাদের লাইসেন্স বাতিল করবে নাকি আমরা স্বেচ্ছায় লাইসেন্স সরকারের হাতে তুলে দেবো সেটা সময় বলে দেবে।
তবে তিনি আশা করেন, আলোচনার মাধ্যমে এই বিষয় নিস্পত্তি করা সম্ভব। তিনি জ্বালানি মন্ত্রণালয়কে এ জন্য আন্তরিকভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
বুধবার বিকেলে হঠাৎ করেই উভয় পক্ষের বৈঠকের সময় নির্ধারণ করা হয়।
