বিষাক্ত বর্জ্য নিয়ে এমটি আলফার চট্টগ্রাম বন্দরে প্রবেশে হাইকোর্টের নিষেধাজ্ঞা
বিশ্বের ৫০ টি বিষাক্ত বর্জ্যবাহী জাহাজের একটি এমটি আলফাকে চট্টগ্রাম বন্দরে প্রবেশ না করার জন্যে হাইকোর্ট বুধবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সরাসরি নির্দেশ দিয়েছেন।
একটি রিট আবেদনের শুনানি শেষে কোস্টগার্ডের মহাপরিচালক, জাহাজ চলাচল অধিদপ্তরের মহাপরিচালক, কাস্টমসের কালেক্টর ও চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের প্রতি হাইকোর্ট একটি রুল নিশি জারি করেন।
হাইকোর্টের আদেশে আগামী দুইমাসের জন্য বাংলাদেশের জলসীমায় বা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙর এলাকায় ওই জাহাজের অবস্থানের ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে হাইকোর্টের আদেশে জাহাজ চলাচল অধিদপ্তরের মহাপরিচালকের অনুমোদন ছাড়া আলফা জাহাজের অবস্থান করার বিষয়টিকে কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না সে ব্যাপারে আগামী দুই সপ্তাহের মধ্যে কারণ দর্শাতেও বলা হয়েছে।
বিচারপতি আওলাদ আলী ও বিচারপতি জিনাত আরার সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গ্রিন পিস কর্তৃক ঝুঁকিপূর্ণ বলে ঘোষিত ৫০ টি জাহাজের যেকোনটি আমদানির ক্ষেত্রে সরকারকে নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ গ্রহণে কেন নির্দেশ দেওয়া হবে না সে ব্যাপারেও সরকারকে কারণ দর্শাতে বলেছেন।
বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি (বেলা) এমটি আলফার বাংলাদেশী জলসীমায় প্রবেশের বিরুদ্ধে জনস্বার্থে একটি ওই রিট আবেদন দায়ের করে।
জাহাজ অধিদপ্তরের আদেশ অমান্য করে ন্যাশনাল স্টিল কোম্পানি ২৭ এপ্রিল ভাঙার জন্য বিষাক্ত বর্জ্যবাহী জাহাজ এমটি আলফা আমদানি করে।
আবেদনকারীর পক্ষে মামলা পরিচালনা করেন ড. কামাল হোসেন। তাকে সহযোগিতা করেন ড. সৈয়দা রেজোয়ানা হাসান।
