সুন্দরবনে আবারো অগ্নিকাণ্ড, ৩ দিন ধরে আগুন জ্বলছে
পূর্ব সুন্দরবনে আবারো অগ্নিকাণ্ডে পুড়ছে চাঁদপাই রেঞ্জের অধীন ২৫ নং কম্পার্টমেন্টের পচা কোড়ালিয়া এলাকা। রোববার বিকেল থেকে বনে আগুন জ্বলতে দেখা যায়।
বনকর্মীরা সংলগ্ন লোকালয়ের মানুষের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন। গত মার্চ মাস থেকে শুরু করে এনিয়ে সুন্দরবন পূর্ব বিভাগের বিভিন্ন এলাকায় মোট চারবার আগুন লাগার ঘটনা ঘটল।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ২৫ নং কম্পার্টমেন্টের নাংলী ক্যাম্পের ১ কি.মি.দক্ষিণে প্রায় এক বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বলছে। আগুনে সুন্দরী, গেওয়া, বলা, সিংড়া প্রভৃতি বৃক্ষ ও গুল্ম পুড়ছে। ২০০৪ সালের ২৫ মার্চ পচা কোড়ালিয়া এলাকায় আরেকটি অগ্নিকাণ্ডে প্রচুর বনজ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছিল।
আগুন নেভানোর কাজে অংশ নিয়ে এলাকায় ফিরে রাজাপুর গ্রামের কামাল, পিন্টু সরদার ও আব্দুস সালাম জানান, ২৫ - ৩০টি কুয়া (গর্ত) খুঁড়ে পানি তুলে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। তবে আগুন এখনো জ্বলছে। বন সংলগ্ন মরা ভোলা নদী এবং মৌসুমী খরার কারণে সুন্দরবনের মাটি ও গাছপালা শুকিয়ে গেছে। ফলে একদিকে যেমন গর্তে পর্যাপ্ত পানি মিলছে না অন্যদিকে শুকনো গাছে আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে।
তবে সুন্দরবন পূর্ব বিভাগের ডিএফও শেখ মিজানুর রহমান দাবি করেছেন, আগুন নেভানো সম্ভব হয়েছে। আগুনে আনুমানিক ৫০ শতাংশ বনভূমি পুড়ে গেছে। টাকার অংকে ক্ষয় - ক্ষতি যৎসামান্য। বনজীবীদের ফেলে যাওয়া বিড়ি বা মৌয়ালদের মশাল থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে তারা ধারণা করছেন।
প্রসঙ্গত, গত ১৯ মার্চ সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের ১ নং কমপার্টমেন্টের অধীন বয়াতির ছিলা নামক স্থানে এবং গত ১৭ ও ১৮ এপ্রিল সুন্দরবনের ২৭ নং কম্পার্টমেন্টের অধীন চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এবং কলমতেজী এলাকায় পৃথক তিনটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
